ঠিকাদারি নিয়ে আ.লীগ নেতাদের মধ্যে বিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের দুই কোটি টাকার পরিবহনকাজের দরপত্র নিয়ে এই বিবাদের সূত্রপাত।সেই থেকে নেতারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও স্থানীয় সংবাদপত্রে পাল্টাপাল্টি বিবৃতি দিচ্ছেন। ২৩ সেপ্টেম্বর দরপত্র আহ্বায়ক কমিটি দরদাতা চূড়ান্ত করার পরও বন্ধ হয়নি নেতাদের কাদা-ছোড়াছুড়ি। বিএডিসির চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি বীজ পরিবহন মৌসুমের (অক্টোবর ২০১২ থেকে জুন ২০১৩) বীজ পরিবহনের দরপত্র ২০ সেপ্টেম্বর দুপুর ১২টায় দাখিল ও বেলা একটায় খোলার সময় নির্ধারণ করা হয়। ১৩২ জন ঠিকাদার শিডিউল সংগ্রহ করেন। কিন্তু পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ১৯ সেপ্টেম্বর রাতে ঠিকাদারদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে তিনজন ঠিকাদার দরপত্র দাখিল করবেন বলে সিদ্ধান্ত হয়। ২০ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত তিনটি দরপত্র দাখিল করা হয়। কিন্তু সিদ্ধান্তের বাইরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান কনস্ট্রাকটিভ কনস্ট্রাকশন এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিপু চৌধুরী মাগুরার আনিসা এন্টারপ্রাইজের পক্ষে দরপত্র দাখিল করলে উত্তেজনা দেখা দেয়।দরপত্র দাখিলের দিন বিকেলে দুর্বৃত্তরা হাবিবুর রহমান ও তাঁর ভাই জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বজলুর রহমানের বাড়িতে ভাঙচুর চালায়। ২১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান এ ঘটনার জন্য জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলমকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘প্রকৃত ঠিকাদারেরা দরপত্রে অংশগ্রহণ করতে গেলেই তাঁদের সন্ত্রাসী বাহিনীর হামলা, নির্যাতন এবং মামলার শিকার হতে হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিন বছর ধরে একটি চক্র গোটা জেলায় দরপত্র নিয়ন্ত্রণ করছে।’ এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক খুস্তার জামিল ২২ সেপ্টেম্বর সংবাদপত্রে বিবৃতি পাঠান। তিনি অভিযোগ করেন, হাবিবুর রহমান একজন বোমাবাজ। সন্ত্রাসীদের কথা বলে তিনি ইটভাটার মালিকদের কাছ থেকে টাকা আদায় করেছেন। বিবৃতিতে তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিপু চৌধুরীর বিরুদ্ধে সাত লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন। এরপর হাবিবুর রহমান পাল্টা বিবৃতিতে বলেন, ‘আমি টেন্ডারবাজ বা বোমাবাজ নই। আমি ও জিপু চৌধুরী প্রকৃত ঠিকাদারদের কর্তৃত্ব কায়েম করতে লড়াই করছি। থানার গত ২০ বছরের রেকর্ড দেখলে পরিষ্কার হবে, কারা বোমাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ।’ জিপু চৌধুরী এক বিবৃতিতে বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। সমঝোতার নামে কারা দরপত্র নিয়ন্ত্রণ করে সরকারের রাজস্ব ক্ষতি করছে, তা সবার জানা।’ ২৩ সেপ্টেম্বর জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম সংবাদ সমেঞ্চলনে দাবি করেন, ‘হাবিবুর রহমান হিরো হতে অনুসারীদের দিয়ে নিজের ও তাঁর ভাইয়ের বাড়ির জানালা ভাঙচুর করিয়ে দায় আমার ঘাড়ে ওপর চাপাচ্ছেন। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করছেন। হাবিবুর রহমান এবং তাঁর শ্বশুর ও শ্যালক বর্তমান সরকারের সময় কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ করছেন। এসব কাজ কীভাবে পেয়েছেন, সেটাই প্রশ্ন। হাবিবুর রহমানের শাস্তির দাবি জানিয়ে শিগগিরই আওয়ামী লীগের জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করা হবে।’ বিএডিসির চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক আবদুল মালেক জানান, চুয়াডাঙ্গার গোকুলখালীর এনামুল হক দুই কোটি ১৮ লাখ ১৩ হাজার ৫০০ টাকার দর দাখিল করায় তাঁকে কাজ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তবে হাবিবুর রহমানের প্রতিষ্ঠান এবং মাগুরার আনিসা এন্টারপ্রাইজ এর চেয়ে কম দর দিলেও শর্তানুযায়ী কাগজপত্র না থাকায় তাদের দরপত্র বাতিল করা হয়েছে।