ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে চট্টগ্রাম বন্দরের ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্পের কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল মঙ্গলবার সকালে নগরের সদরঘাট অংশে প্রকল্পের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২০১১ সালের ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল গত জানুয়ারি মাসে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। দরপত্রের মাধ্যমে ২২৯ কোটি ৫৪ লাখ টাকায় এ প্রকল্পের কাজ পায় মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন (এমএমডিসি)। বন্দরের নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

গতকাল পরিদর্শনের সময় শাজাহান খান বলেন, প্রকল্পের খননকাজের প্রায় ৬১ শতাংশ (প্রায় ২২ লাখ ঘনমিটার বালু-মাটি অপসারণ) কাজ শেষ হয়েছে। চাহিদা অনুযায়ী খননযন্ত্র ব্যবহার না করায় খননকাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রকল্পের অন্যান্য কাজ ৯৬ শতাংশ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর প্রধানমন্ত্রী এ প্রকল্প উদ্বোধন করবেন। এ সময় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রকল্প বাস্তবায়নের পর সদরঘাট থেকে উজানে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় নৌ চলাচলের পথ তৈরি হবে। প্রকল্পের আওতায় নির্মিত ৪০০ মিটার জেটিতে ছোট আকারের নৌযান ভিড়ে পণ্য খালাস করতে পারবে। নদীর পাড় সংরক্ষণের পাশাপাশি শহরের জলাবদ্ধতা নিরসনেও এ প্রকল্প ভূমিকা রাখবে।