ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রের কার্যালয়ে ঢুকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সহযোগী ব্যবস্থাপক সাগর গোপ কর্ণফুলী থানায় এ মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার আসলামকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে হামলায় নেতৃত্ব দেওয়া নিরাপত্তাকর্মী নুরুজ্জামানকে।
এদিকে এ ঘটনায় গতকালও কাজ বন্ধ রেখেছিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের দায়িত্ব পাওয়া সহ-ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিয়ন মার্কেন্টাইল লিমিটেড (ইউএমএল)। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন প্রকৌশলী বাদল সরকার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজ বন্ধ রেখেছি। পূর্ণ নিরাপত্তা না পেলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। বিষয়টি জানিয়ে ইতিমধ্যে আমরা মূল ঠিকাদারকে চিঠি দিয়েছি।’
শিকলবাহা এলাকায় ২২৫ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলছে। কেন্দ্র নির্মাণের মূল কাজ পেয়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টোবরো। ওই প্রতিষ্ঠানের সহ-ঠিকাদার হিসেবে কাজ করছে এ দেশীয় প্রতিষ্ঠান ইউএমএল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার হামলায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাসহ পাঁচজন আহত হন। ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী নুরুজ্জামানের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।