চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়ক
ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের নির্দেশ মন্ত্রীর
ধীরগতিতে সড়কের সম্প্রসারণকাজ করার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের সম্প্রসারণকাজ পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন।
ওবায়দুল কাদের গতকাল সকালে সড়কটি পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স ধীরগতিতে সম্প্রসারণকাজ করছিল। তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। এর পরও কাজের অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছে। তাই কার্যাদেশ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, অক্সিজেন-হাটহাজারী সড়কের চার লেন প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য সরকার প্রথমে ১২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। পরে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ২২৬ কোটি টাকা করা হয় এবং প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত ৮ দশমিক ৮ কিলোমিটার সড়কের মধ্যে তিন কিলোমিটারের কাজ ধীরগতিতে চলছিল। তাই মন্ত্রী গতকাল প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল করেন।
ওবায়দুল কাদের এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এম এম বিল্ডার্স পাঁচ কিলোমিটার সড়কের কাজ ভালোভাবে করেছিল। কিন্তু তিন কিলোমিটার সড়ক সম্প্রসারণে তারা সাফল্য দেখাতে পারেনি। তাই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’