ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলায় ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত মাছচাষিদের মধ্যে বিতরণ করা টিএসপি সার ভেজাল প্রমাণিত হলেও সরবরাহকারী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি ভেজাল সার বাজেয়াপ্ত বা নষ্ট না করে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তা ঠিকাদারকে ফেরত দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেসার্স বেগ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান গত ৩০ জুন ক্ষতিগ্রস্ত মাছচাষিদের মধ্যে সার বিতরণ শুরু করলে টিএসপি সার ভেজাল বলে চাষিদের মধ্যে হইচই পড়ে যায়। এ পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমান টিএসপি সার প্রাথমিকভাবে ভেজাল বলে সন্দেহ করেন। পরে সারের নমুনা পরীক্ষার জন্য নগরের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) পরীক্ষাগারে পাঠানো হয়। মঙ্গলবার এসআরডিআই নমুনা সারগুলো ভেজাল বলে প্রতিবেদন দেয়।এ বিষয়ে ইউএনও বলেন, নমুনা পরীক্ষায় সারে ভেজাল পাওয়া গেছে। সারগুলো ঠিকাদার যে আমদানিকারকের কাছ থেকে কিনেছেন তাঁকে ফেরত দেবেন এবং ভালো সার সরবরাহ করবেন। ভেজাল সার সরবরাহ করার জন্য ঠিকাদারের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।ঠিকাদার মফিজ বেগ বলেন, ইউএনওর অনুমতি নিয়ে ভেজাল সার ফেরত নিয়ে আমদানিকারকের কাছে দিয়েছেন। এখন তিনি ভালো সার সরবরাহ করবেন। তবে তিনি আমদানিকারকের নাম বলতে চাননি।