ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ তিনজনকে হত্যা
সাতক্ষীরার আশাশুনি, কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনার আটঘরিয়া উপজেলায় তিন ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর মধ্যে আশাশুনি থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আশীষ মল্লিকের (৩৮) লাশ উদ্ধার করা হয় গত শুক্রবার। গতকাল শনিবার পুলিশ মাছ ব্যবসায়ী সেলিম (২৫) ও চরমপন্থী শহিদুল ইসলাম প্রামাণিকের (৪৫) লাশ উদ্ধার করে।আশীষ খুলনার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের পঞ্চারাম মল্লিক, সেলিম দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামের ফজলু কারিগর এবং শহিদুল আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের নগরচাঁচকিয়া গ্রামের মোসলেম উদ্দিন প্রামাণিকের ছেলে। এর মধ্যে শহিদুল ইসলাম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য বলে পুলিশ দাবি করেছে।সাতক্ষীরায় আমাদের নিজস্ব প্রতিবেদক এবং কুষ্টিয়া ও পাবনা অফিসের পাঠানো খবর:সাতক্ষীরা: আশীষ খুলনার দৌলতপুরের গাজী আবদুল হাকিমের ঠিকাদারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। ওই প্রতিষ্ঠান আশাশুনির বুধহাটা বিবিএম কলেজিয়েট বিদ্যালয়ের নির্মাণাধীন সম্প্রসারণ ভবনের কাজ করছে। ওই কাজ দেখতে গত বৃহস্পতিবার বিকেলে বুধহাটায় যান আশীষ। শুক্রবার এলাকাবাসী বিদ্যালয়-সংলগ্ন একটি শিশুগাছে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে চরমপন্থী সন্ত্রাসীরা আশীষকে হত্যা করে গলায় রশি দিয়ে লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আশীষের ভাই প্রশান্ত মল্লিক হত্যা মামলা করেছেন।আশীষের সহকর্মী ইব্রাহিম হোসেন জানান, বিভিন্ন সময় একটি গ্রুপ আশীষ ও তাঁর কাছে মুঠোফোনে চাঁদা চেয়েছে। কিন্তু বিষয়টি তাঁরা মালিককে (গাজী আবদুল হাকিম) জানাননি।কুষ্টিয়া: গতকাল সকালে ফারাকপুর বিদ্যুৎ অফিস এলাকার গঙ্গারামপুর মাঠে কাজ করতে গিয়ে কৃষকেরা সেলিমের জবাই করা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে সেলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।সেলিমের পরিবারের লোকজন পুলিশকে জানান, শুক্রবার বিকেলে সেলিম বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফেরেননি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।পাবনা: পরিবারের সদস্যদের বরাত দিয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল করিম জানান, শহিদুল শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত একটার পর চার-পাঁচজনের একদল সন্ত্রাসী ঘরে গিয়ে অস্ত্র দেখিয়ে বাইরে নিয়ে যায়। রাতে আর শহিদুল বাড়ি ফেরেননি। গতকাল সকালে ওই বাড়ির কাছে টিয়ারপাড়া মাঠে গ্রামবাসী একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি জানান, ধারণা করা হচ্ছে, শহিদুলকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শহিদুলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।