ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সিডিএর চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক নির্মাণে কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স-র্যাঙ্কিন জেভির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিডিএর পক্ষে চেয়ারম্যান আবদুচ ছালাম ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএর চেয়ারম্যান।
নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালসড়ক নির্মাণ করা হবে। উড়ালসড়কের জিইসি ও বায়েজিদ বোস্তামী সড়ক অংশে গাড়ি ওঠা-নামার পথ থাকবে। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ১৯৯৫ সালে প্রণীত মহাপরিকল্পনা অনুযায়ী এই উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। সিডিএ মহাপরিকল্পনার বাইরে কাজ করতে পারে না। মহাপরিকল্পনার বাইরে কোনো প্রকল্প সরকার অনুমোদনও দেয় না। দ্রুত সময়ের মধ্যে এই উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হবে।
অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে উড়ালসড়কের নির্মাণকাজ শেষ করতে সঠিক সময়ে বিল পরিশোধ করতে হবে এবং সময়মতো কারিগরি সিদ্ধান্ত নিতে হবে। তাহলে দুই বছরের মধ্যে এই উড়ালসড়কের নির্মাণকাজ শেষ করতে পারব।’
পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বলেন, উড়ালসড়ক নির্মাণের সময় নগরবাসীর দুর্ভোগ এড়ানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডিএর প্রধান প্রকৌশলী মো. জসিম উদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, র্যাঙ্কিনের মহাব্যবস্থাপক গাউ চ্যাং, সিডিএর বোর্ড সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন ও আ ম ম টিপু সুলতান চৌধুরী, সিডিএর সচিব তাহেরা ফেরদৌস বেগম, ওয়াসার প্রধান প্রকৌশলী এজাজ রসুল।
প্রসঙ্গত, এই উড়ালসড়কের প্রয়োজনীয়তা নিয়ে নগর পরিকল্পনাবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে। তাঁরা এ ব্যাপারে একাধিক সংবাদ সম্মেলনও করেছিলেন।