রডের বদলে বাঁশ: ঠিকাদারসহ মামলার আসামি ৪

চুয়াডাঙ্গার দর্শনায় রডের বদলে বাঁশ দিয়ে সরকারি ভবন নির্মাণের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দামুড়হুদা মডেল থানায় মামলাটি করা হয়।
দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ ভবন নির্মাণের কাজ চলছিল। এই নির্মাণকাজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে।
এই অভিযোগে করা মামলায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মণি সিং, পরামর্শক প্রতিষ্ঠান ঢাকার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সাত্তার, প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মেরিনা জেবুন্নাহার।
মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, উপপরিদর্শক (এসআই) কবির হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, নির্মাণাধীন ভবনের সামনের অংশের লুভার নির্মাণকালে রডের পরিবর্তে বাঁশের কাবারি ব্যবহার এমন এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যা সরকার ও কৃষি মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ইন্ধন জুগিয়েছে। এতে প্রমাণিত হয় যে উক্ত নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর যোগসাজশে এ অপরাধ সংঘটিত হয়েছে।
আরও জানতে পড়ুন