মেহেরপুরের গাংনী উপজেলায় দুই কোটি টাকা ব্যয়ে দুটি সড়কের কাজে নিম্নমানের উপকরণ ও কম সামগ্রী ব্যবহারের প্রমাণ পেয়েছে তদন্ত দল। গত বুধবার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ঢাকার নির্বাহী প্রকৌশলী শমসের আলী সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে ওই প্রমাণ পান।
মেহেরপুর এলজিইডি জানায়, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের হস্তান্তরকৃত সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনীর মালসাদহ-হিজলবাড়িয়া ও তেঁতুলবাড়িয়া-হাড়াভাঙ্গা পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তাটি দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। ৫ শতাংশ ঊর্ধ্ব দরে গত জানুয়ারি মাসে কাজটি পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক। তিনি মার্চে কাজ শুরু করেন। দরপত্র অনুযায়ী আগামী জানুয়ারি মাসে কাজটি শেষ করার কথা। সড়কটি নির্মিত হলে এলাকার তিন লাখ মানুষের যাতায়াতে সুবিধা হবে।
হিজলবাড়িয়া গ্রামের বাশিরুল ইসলাম জানান, সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তাটি আরও খারাপ হয়ে পড়েছে। একই গ্রামের ছলেমান আলী জানান, নির্মাণকাজে দুর্নীতির বিষয়টি ঠিকাদারকে জানালে তিনি রাজনৈতিক ও পেশিশক্তি ছাড়াও র্যাব-পুলিশের ভয় দেখাতেন।
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সালাম জানান, ঠিকাদার তাঁদের নির্দেশনা অনুযায়ী কাজ করছিলেন না। পরিস্থিতি বুঝে এক মাস আগে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবু কাজ করছিলেন ঠিকাদার। পরে প্রকল্প পরিচালককে জানালে বুধবার তদন্ত করা হয়। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তাঁরা ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
তদন্ত দলের প্রধান শমসের আলী জানান, সড়কের আট-নয়টি স্থান খুঁড়ে নির্মাণে ব্যবহূত উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। দেখা গেছে, সড়ক নির্মাণে দরপত্র অনুযায়ী বালুর গভীরতা ২৪০ মিলিমিটারের স্থলে পাওয়া গেছে ২৯৫ মিলিমিটার বালু-মাটি। আধাআধি খোয়া-বালুর সংমিশ্রণের বদলে নিম্নমানের কম খোয়া ও অধিক পরিমাণে বালু দেওয়া হয়েছে। সংমিশ্রণের গভীরতাও ছিল কম। রাস্তার ওপর ১০০ ভাগ খোয়ার স্থলে ৭৫ ভাগ রয়েছে। ব্যবহূত উপকরণ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে ঠিকাদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘কাজে কোনো ত্রুটি থাকলে তা মেরামত করা হবে।’ রাস্তার অনিয়ম-দুর্নীতি তদন্তের বিষয়টিকে ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবি করেন।