ঠিকাদারের অবহেলায় ৪০০ পরিবারের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার পশ্চিম ছোট গৌরীচিন্না এলাকায় বাঁধ কেটে একটি স্লুইসগেট নির্মাণ করা হয় চার মাস আগে। ঠিকাদার স্লুইসগেটের নির্মাণকাজ শেষ করলেও দুই পাশের বাঁধ আর পুনর্নির্মাণ করেননি। এ কারণে অমাবস্যা ও পূর্ণিমার সময় স্লুইসগেটের দুই পাশ দিয়ে পানি ঢুকে প্রায় এক হাজার একর জমির রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই কারণে এলাকার ৪০০ পরিবারের বসতঘর প্লাবিত হচ্ছে।সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানিতে সেখানকার বাসিন্দাদের বসতঘর হাঁটুপানিতে নিমজ্জিত। চুলায় পানি ঢুকে পড়ায় ওই এলাকার লোকজন অন্য গ্রামে গিয়ে রান্নার কাজ করছে।ওই এলাকার গৃহবধূ রহিমা বেগম জানান, প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমার সময় (মাসে দুবার) কমপক্ষে ১০ দিন তাঁদের এলাকার সব ঘর পানিতে ডুবে যায়। দিনে ও রাতে দুই দফায় জোয়ারের পানিতে নিমজ্জিত হওয়ায় তাঁদের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হয়।এলাকার বাসিন্দা শওকত আলী জানান, এবার তাঁরা রবি ফসল ঘরে তুলতে পারেননি। এলাকার ৪০-৪৫টি পানের বরজে পচন ধরেছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, পাউবোর অর্থায়নে স্থানীয় ফকিরবাড়ী খালের সঙ্গে এলাকার একটি সেচখালে পানিনিষ্কাশনের জন্য স্লুইসগেট নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এ কাজ পায় ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গত ফেব্রুয়ারি মাসে এ কাজ শুরু করে। তখন এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৬০ ফুট কেটে সেখানে স্লুইসগেট নির্মাণ করা হয়। কিন্তু গত চার মাসেও স্লুইসগেটের দুই পাশের কেটে দেওয়া বাঁধ পুনর্নির্মাণ না করায় অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানি এলাকায় ঢুকছে।স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘ঠিকাদারকে বেশ কয়েকবার ফোন করে আমাদের দুর্ভোগের কথা জানিয়েছি এবং বাঁধ নির্মাণের তাগিদ দিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। শেষ পর্যন্ত রোববার থেকে আমরা এলাকার লোকজনকে নিয়ে নিজেরাই বাঁধটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।’সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো. আরিফুর রহমান বলেন, ‘কাজের নির্ধারিত মেয়াদ দুই বছর, তা এখনো শেষ হয়নি। তার পরও আমি কাজটি একজনকে করার জন্য দায়িত্ব দিই। তিনি টাকা নিয়ে পালিয়ে যান। তাই কাজটি করা যায়নি। এখন আমি স্থানীয় লোকজনকে বলেছি বাঁধটি সংস্কার করে নিতে। এতে যে ব্যয় হবে, তা আমি বহন করব।’পাউবো বরগুনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘ওই ঠিকাদারের কাজের মেয়াদ দুই বছর, যা গত ২৪ মে শেষ হয়ে গেছে। আমরা বারবার ঠিকাদারকে কাজ শেষ করার জন্য তাগিদ দিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি।’