ঠিকাদারের কার্যালয়ে জনতার ভাঙচুর, অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর ফেরিঘাট এলাকায় ফলিত পুষ্টি কৃষি ইনস্টিটিউট প্রকল্পের ঠিকাদারদের কার্যালয়ে স্থানীয় লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুটি এস্কাভেটরও ভাঙচুর করা হয়। হামলায় চার নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।প্রকল্পের মাটি ভরাটকাজের তত্ত্বাবধায়ক আক্তার হোসেন জানান, সকাল ১০টার দিকে উপজেলার চৈতনকান্দা গ্রামের কয়েক শ লোক রামদা, টেঁটা, ছোরা, রড, হকিস্টিক ও লাঠি নিয়ে প্রকল্প এলাকায় আসে। তারা ঠিকাদারদের কার্যালয় ও নির্মাণশ্রমিকদের থাকার ঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। হামলায় নির্মাণশ্রমিক বদরুল (৩৫), আজিজুল হাকিম (২৬), আলম (৩০) ও মোর্শেদ (২০) আহত হন। এ সময় দুটি এস্কাভেটরও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আক্তার হোসেনের দাবি, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে তাঁদের দুটি ল্যাপটপ, মূল্যবান মেশিন, মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় লোকজনের ভাষ্য, এ প্রকল্পের জন্য সরকার ১২৫ একর জমি অধিগ্রহণ করে। অধিগ্রহণের ঘটনায় জমির মালিকেরা ক্ষুব্ধ। তা ছাড়া অনেক জমির টাকা দালালেরা তুলে নিয়ে গেছে। জমি অধিগ্রহণের টাকা না পেয়ে মালিকেরা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছেন।এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে প্রকল্পের ঠিকাদারপক্ষ মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদে চৈতনকান্দা গ্রামের লোকজনকে দাওয়াত না করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে এ হামলা করে থাকতে পারেন। প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রকল্পের জরিপ করে ১২৫ একর জমিতে মাটি ভরাটের কাজ শুরু করে রত্না এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।