ঠিকাদারের গাফিলতি রোগীদেরভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মাস পরও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সংস্কারকাজ শেষ হয়নি। ঠিকাদারের গাফিলতির কারণে এ কাজ শেষ হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভবনটির সংস্কারের জন্য ২০১১-১২ অর্থবছরে ৪৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নর্থ সুরমা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। গত বছরের মে মাসে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদার চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রমিক নিয়োগ করে কাজ শুরু করেন। কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কাজ শেষ না করেই শ্রমিকেরা চলে যান।

কয়েকজন রোগী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, সংস্কারকাজ শেষ না হওয়ায় সাতটির মধ্যে তিনটি শৌচাগার ব্যবহার করা যাচ্ছে না। দরজা ও জানালার কাজ শেষ না হওয়ায় বৃষ্টি হলে ভবনের ভেতরে পানি ঢোকে। এতে ওয়ার্ডের রোগীরা ভোগান্তি পোহায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার জানান, ভবনের শৌচাগার, দরজা-জানালা, পানি সরবরাহের পাইপ লাইন, বৈদ্যুতিক লাইন সংস্কারসহ অধিকাংশ কাজই অসমাপ্ত রয়ে গেছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালেও তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

১৯ মে দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা গেছে, ভবনে সাদা রঙের চুনকাম করা হলেও তা উঠে যাচ্ছে। শৌচাগার, দরজা ও জানালার কাজ অসমাপ্ত রয়ে গেছে। ভবনের নানা স্থানে বৈদ্যুতিক তার এলোমেলোভাবে টানানো রয়েছে।

ঠিকাদার আজিজুর রহমান দাবি করেন, সংস্কারকাজে কোনো অনিয়ম করা হয়নি। কার্যাদেশ দেরিতে পাওয়ায় সময়মতো কাজ শুরু করা যায়নি। শিগগির কাজ শেষ করা হবে।

সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশুতোষ কর্মকার বলেন, এ পর্যন্ত ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সে অনুযায়ী ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিলেট বিভাগীয় প্রকৌশলী এ কে এম বদরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারের গাফিলতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সংস্কারকাজ কিছুটা পিছিয়েছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’