ঠিকাদারের গাফিলতিতে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১৭টি সড়কের উন্নয়নকাজের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল দুটি অর্থবছরে। কাজ শেষ করার নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও একটি ছাড়া ১৪টি কাজই এখনো অসমাপ্ত রয়ে গেছে। আর দুটি কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে গত সপ্তাহে।বেশির ভাগ সড়কে এক থেকে দেড় ফুট গভীর করে মাটি কেটে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। এতে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ বলেন, ঠিকাদারেরা সময়মতো কাজ শেষ না করায় এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (বৃহত্তর ময়মনসিংহ জেলা) প্রকল্পের আওতায় ভালুকা উপজেলার ১০টি সড়কের আট হাজার ৮৯৬ মিটার (প্রায় নয় কিলোমিটার) রাস্তা কার্পেটিং করার জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০১০ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে তিন কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৬৪২ টাকার এসব কাজ করার জন্য কার্যাদেশ দেওয়া হয়। এসব কাজ শেষ করতে সময় বেঁধে দেওয়া হয়েছিল ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের পর আট থেকে ১১ মাস পার হলেও নয়টি কাজই অসমাপ্ত রয়ে গেছে।উল্লেখ্য, ১০টি কাজের মধ্যে ছয়টি কাজ পেয়েছিল মেসার্স সবুজ এন্টারপ্রাইজ নামে জয়দেবপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।প্রকল্পের জুন মাসের মাসিক অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, একটি ছাড়া বাকি নয়টি কাজের সাতটির শূন্য থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কাজ শেষ হয়েছে। দুটি কাজের শেষ হয়েছে ৬০ থেকে ৭০ শতাংশ। সবুজ এন্টারপ্রাইজের পাওয়া দুটি কাজ ৩৫ থেকে ৪৫ শতাংশ এবং দুটি কাজ ১০ শতাংশ শেষ হয়েছে। দুটি কাজ শুরুই করেনি প্রতিষ্ঠানটি।অন্যদিকে অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি) আওতায় ২০১০-১১ অর্থবছরে উপজেলার সাতটি সড়কের মধ্যে পাঁচটি সড়কের পাঁচ হাজার ৭৪০ মিটার (প্রায় ছয় কিলোমিটার) সড়ক কার্পেটিং করতে পাঁচটি গ্রুপে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিন কোটি ৫৯ লাখ ৬১ হাজার ২৩৭ টাকার কাজের কার্যাদেশ দেওয়া হয়। এসব কাজ শেষ করার সময় ছিল চলতি বছরের ১৪ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসব কাজের মধ্যে দুটির ৪০ থেকে ৫০ শতাংশ এবং বাকি তিনটি কাজের ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত শেষ হয়েছে। বাকি দুটি সড়কের দেড় কিলোমিটার কাজের বিপরীতে এক কোটি এক লাখ ১৯ হাজার ১৮৭ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে গত সপ্তাহে। এই সাতটি কাজের মধ্যে সবুজ এন্টারপ্রাইজ তিনটি কাজ করছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব কাজ নিয়ে প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যে সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সবুজ এন্টারপ্রাইজের তিনটি কাজ বাতিল করে গত ৩ আগস্ট দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া এই প্রতিষ্ঠানের আরও তিনটি কাজ বাতিলের সুপারিশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এসব কাজের বিপরীতে প্রতিষ্ঠানটির নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত ও ঠিকাদারি লাইসেন্স বাতিলেরও সুপারিশ করা হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সিডস্টোর-ঝালপাজা সড়ক, রামপুর বাজার-বনকুয়া সড়ক, বনকুয়া বাজার-উথুরা-পানিবান্দা সড়কের মাটি কেটে ফেলে রাখা হয়েছে। এই তিনটি সড়কের কাজ বাতিল করা হয়েছে। আর মাস্টারবাড়ী-পাড়াগাঁও, বগার বাজার-শিবগঞ্জ বাজার, রান্দিয়া-শান্তিগঞ্জ বাজার ও মেহেরাবাড়ী-টিএন্ডটি-পোনাশাইল ভায়া বাশিল সড়কেও মাটি কেটে বালু ফেলে রাখা হয়েছে। অন্য সড়কগুলোর অবস্থাও প্রায় একই রকম। মাটি কেটে ফেলে রাখায় সড়কগুলো বেহাল হয়ে পড়ছে।ভালুকা ডিগ্রি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বগার বাজার-শিবগঞ্জ সড়কের তিন কিলোমিটারজুড়ে মাটি কেটে ফেলে রাখায় এলাকাবাসীকে প্রায় ২০-২৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। তিনি বলেন, সড়কের এ অবস্থার কারণে মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এ ব্যাপারে বক্তব্য জানার জন্য অনেকবার চেষ্টা করেও সবুজ এন্টারপ্রাইজের কর্ণধার আশরাফুল আলমের (সবুজ) সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির প্রকৌশলী মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে অনেকগুলো কাজ পাওয়ায় সব কাজ সময়মতো শুরু করা সম্ভব হয়নি। জয়দেবপুরে প্রতিষ্ঠানটি আরও ১৫-২০টি কাজ করছে। মূলত অর্থসংকটের কারণেই এমনটা হয়েছে।’নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘এই প্রতিষ্ঠানকে নিয়ে আমি বেশ বিব্রত। এরই মধ্যে কয়েকটি কাজ বাতিল করা হয়েছে এবং আরও কয়েকটি বাতিল করা হচ্ছে।’ভালুকা উপজেলা প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী জানান, চলতি বছরের জুনের প্রতিবেদনের সঙ্গে এসব সড়কের কাজের অগ্রগতির বর্তমান অবস্থার তেমন কোনো পার্থক্য নেই।