ঠিকাদারের গাফিলতিতে ঝুলে গেছে সেতুর কাজ
লক্ষ্মীপুর সদর উপজেলার পুরোনো তেওয়ারীগঞ্জ বাজারের কাছে নির্মাণাধীন সেতুর কাজ যথাসময়ে শেষ হচ্ছে না৷ এতে ওই এলাকার প্রায় ৪০ হাজার মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হবে৷ এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে কাজটি ঝুলে গেছে৷ তবে ঠিকাদার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন৷
এদিকে বিকল্পভাবে চলাচলের জন্য সেতুর পাশে নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় এর ওপর দিয়ে যাতায়াত করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে৷ এ অবস্থায় স্থানীয় লোকজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদের কাছে দ্রুত সেতুর কাজ শেষ করার দাবি জানিয়েছেন৷
এলাকাবাসী ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে তেওয়ারীগঞ্জ বাজারের পাশের ভলুয়া খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়৷ এর দৈর্ঘ্য ৩০ মিটার ও প্রস্থ ৭ মিটার৷ কাজটি পায় মেসার্স নাহিদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু নির্মাণের জন্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়৷ ওই বছরের ৩১ মে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়৷ দরপত্রের শর্তানুযায়ী ৩০ জুন কাজটি শেষ করার কথা৷ পরে ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকার জামাল উদ্দিনের কাছে কাজটি বিক্রি করে দেয়। কিন্তু তিনি খুব ধীরগতিতে কাজ করছেন৷ এ কারণে কাজটি যথাসময়ে শেষ হবে না৷
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সেতুর ওপরের অংশে ঢালাইয়ের কাজ করার জন্য রড বেঁধে রাখা হয়েছে৷ সংযোগ সড়ক ও দুই পাশের রেলিংয়ের কাজও বাকি রয়েছে৷ সেতুর পাশের ভাঙা বাঁশের সাঁকো দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে৷
এলাকার কয়েকজন জানান, সেতুর পশ্চিম পাশে তেওয়ারীগঞ্জ বাজার৷ আর পূর্ব পাশে উপজেলার গর্ন্ধপুর, শংকরপুর, শহর কসবা, নিশ্চিন্তপুর, কুশাখালী, ছিলাদী গ্রাম৷ পূর্ব পাশের গ্রামগুলোর মানুষ ভাঙা সাঁকোর ওপর দিয়ে তেওয়ারীগঞ্জ বাজারে ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করছে।
সেতু এলাকার বাসিন্দা জসিম উদ্দিনসহ কয়েকজন জানান, প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে নারী, শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনেক কষ্টে চলাচল করে৷ রোববার সকালেও ওই সাঁকোর ওপর দিয়ে যাওয়ার সময় হোসেনপুর উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী খালে পড়ে যায়।
তেওয়ারীগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী সফিক উল্যা জানান, সেতু নির্মাণে ধীরগতির কারণে বাজারে কমসংখ্যক ক্রেতা-বিক্রেতা আসছেন। ফলে ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব বিরাজ করছে।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, সাধারণ মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও বর্তমানে তা চলাচলের অনুপযোগী।
ঠিকাদার জামাল উদ্দিন গাফিলতি ও ধীরগতিতে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি দাবি করেন, নির্ধারিত মাপের রড না পাওয়ায় কাজ শেষ করতে দেরি হচ্ছে। বৃষ্টি না হলে এক সপ্তাহের মধ্যে ঢালাইয়ের কাজ শেষ করা হবে।
এলজিইডি সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, এ পর্যন্ত সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে৷ সেতুর ওপর ঢালাইসহ অন্যান্য কাজ শেষ করতে আরও এক মাস সময় লাগবে।
সদর উপজেলা প্রকৌশলী আমিনুর রসুল জানান, নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।