ঠিকাদারের গাফিলতিতে ধুঁকছে ৪০ হাজার মানুষ

মেয়াদ শেষ হওয়ার এক মাস পরও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার মাদ্রাসার সামনের সড়ক থেকে চকিয়াচাপুর-বালিজুড়ী ডুবোসড়কের আড়াই কিলোমিটার অংশের উন্নয়নকাজ শুরু করেননি ঠিকাদার। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ৪০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নওধার মাদ্রাসার সামনের সড়ক থেকে চকিয়াচাপুর হয়ে বালিজুড়ী গ্রামের সামনে পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য চার কিলোমিটার। এর মধ্যে আড়াই কিলোমিটার মাটি ভরাটসহ উন্নয়নকাজের জন্য গত বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দরপত্র আহ্বান করা হয়। এ কাজের জন্য বরাদ্দ করা হয় ১ কোটি ৭৫ লাখ ৯ হাজার ১৯ টাকা। কাজটি পায় বাছেদ প্রকৌশলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডি সুনামগঞ্জ কার্যালয় থেকে গত বছরের ৩ মার্চ কাজ শুরু করার জন্য ঠিকাদার আবদুল্লাহ আল বাছেদকে নির্দেশ দেওয়া হয়। দরপত্রের শর্তানুযায়ী ওই বছরের ১৭ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো ওই কাজ শুরুই করা হয়নি।
স্থানীয় লোকজন বলেন, শুষ্ক মৌসুমে এই সড়ক দিয়ে লেগুনা, ইজিবাইক, রিকশা, মোটরসাইকেলসহ প্রতিদিন দুই শতাধিক যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ না হওয়ায় উপজেলার নওধার, চকিয়াচাপুর, রাজাপুর, বালিজুড়ী, হিজলা, রায়পুর, আমজুড়া, নখলখলা, জলুসা গ্রামসহ আশপাশের প্রায় ৪০ হাজার বাসিন্দা ভোগান্তির শিকার হচ্ছে।
গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় তিন কিলোমিটারে ব্লক বিছানো রয়েছে। সড়কের নানা স্থান থেকে ব্লক সরে গেছে। বেশ কিছু স্থানে মাটি ফেলে স্থানীয় লোকজন সড়কটি মানুষ ও যান চলাচলের জন্য উপযোগী করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ঠিকাদার বলেন, সড়ক উন্নয়নকাজের ঠিকাদার নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি কাজটি সরকারি দলের এক নেতার কাছে বিক্রি করে দিয়েছেন। ফলে কাজটি না করে বরাদ্দকৃত টাকা তুলে তা আত্মসাৎ করার পাঁয়তারা করা হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার আবদুল্লাহ আল বাছেদ দাবি করেন, ‘আমি কারও কাছে এই কাজ বিক্রি করে দিইনি। তবে এই কাজ আমার নামে হলেও বাস্তবায়ন করার কথা রয়েছে স্থানীয় সাংসদের ছোট ভাইয়ের। তাই এ নিয়ে আপনি তাঁর সঙ্গে কথা বলেন।’
স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ওরফে রতনের ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হোসেন ওরফে রোকন বলেন, ‘ওই ঠিকাদারের সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তাই দুজনে মিলেমিশেই এই সড়ক উন্নয়নকাজ সম্পন্ন করব।’ তিনি দাবি করেন, ‘নানা ঝামেলায় কাজটি যথাসময়ে শুরু করা যায়নি। ইতিমধ্যে সড়ক উন্নয়নকাজ শুরু করেছি।’ তবে গতকাল রোববার খোঁজ নিয়ে জানা গেছে, ওই সড়কে কোনো কাজ শুরু করা হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। ওই সড়কের কাজ শুরু করার ব্যাপারে ঠিকাদারের গাফিলতি রয়েছে। এ ব্যাপারে ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’