ভোলা পানি উন্নয়ন বোর্ডের আওতায় চরফ্যাশন ও মনপুরা শহর রক্ষা প্রকল্পে ৩৯ কোটি টাকার কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসিতে কাজের তেমন অগ্রগতি নেই। চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড-২ সূত্রে জানা গেছে, চরফ্যাশন ও মনপুরা শহর রক্ষা প্রকল্পের আওতায় নদীভাঙনের হাত থেকে শহর দুটি রক্ষার জন্য চলতি অর্থবছরে ৩৯ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান—নবারুন ট্রেডার্স, জসিম ট্রেডার্স, রব ট্রেডার্স ও মোনায়েম ট্রেডার্স এ কাজ পায়। মোনায়েম ট্রেডার্স মনপুরায় এক কিলোমিটার এবং অপর তিন ঠিকাদার চরফ্যাশনে এক কিলোমিটার নদীতে ব্লক ফেলার কাজ গত জানুয়ারি মাসে শুরু করে। কিন্তু এখনো ৫০ শতাংশ কাজ সম্পন্ন করতে পারেনি। ফলে আগামী ৩০ জুন এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। চরফ্যাশনের নদীভাঙনপ্রবণ আয়েশাবাগ এলাকার জেলে আ. রশিদ মাঝি জানান, বর্ষা শুরুর আগেই এখন নদীতে ভাঙন চলছে। এবার বর্ষায় নদীভাঙন শহরের কাছাকাছি চলে আসার আশঙ্কা রয়েছে। চরমাদ্রাজ ইউনিয়নের হামিদপুরের সাবেক ইউপি সদস্য শাহ জামাল জানান, ঠিকাদারদের কাজের মান খুবই নিম্ন মানের। যে পরিমাণ ব্লক নদীতে ফেলার কথা, তা ফেলা হচ্ছে না। ঠিকাদার ও কয়েকজন রাজনৈতিক নেতার যোগসাজশে নামমাত্র কিছু ব্লক ফেলে টাকা লুটপাট হচ্ছে। চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী বলেন, ‘ঠিকাদারদের গড়িমসির কারণে নদীভাঙন থেকে শহর রক্ষা না পেলে এলাকার জনগণ কোনোভাবেই মেনে নেবে না।’ মনপুরা মহিলা কলেজের প্রভাষক মাহবুবুল আলম শাহিন জানান, শহর রক্ষা প্রকল্পের কাজের তেমন কোনো অগ্রগতি নেই। বর্ষা মৌসুমে মনপুরা শহরটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্সের মালিক হারুনুর রশিদ বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমাদের কাজ সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ করার চেষ্টা করব।’মোনায়েম ট্রেডার্সের মালিক জসীমউদ্দিন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন সমস্যার কারণে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। সময় না বাড়ালে কাজ পুরো সম্পন্ন করা সম্ভব হবে না।’চরফ্যাশনের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (এসও) নূর হোসেন বলেন, ‘কাজের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা সম্ভব হবে না।’মনপুরার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী নুরুল আমিন বলেন, ‘এখন পর্যন্ত কাজের প্রায় ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।’পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার বলেন, ‘বর্ষা মৌসুমে কাজ সম্পন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। শহর দুটি রক্ষার জন্য ব্লক ফেলে নদীভাঙন ঠেকানোর প্রক্রিয়া চলছে। বর্ষা শেষে প্রকল্পের বাকি কাজ সমাপ্ত করা হবে।’