চট্টগ্রাম বন্দরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মন্ত্রী ও বন্দর চেয়ারম্যান টাকার ভাগ পান বলে অভিযোগ করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের রাস্তায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মহিউদ্দিন চৌধুরী। বন্দর রক্ষা পরিষদের ব্যানারে ‘সাইফ পাওয়ারটেক হটাও, চট্টগ্রাম বন্দর বাঁচাও’ স্লোগানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মহিউদ্দিন চৌধুরী চার মাস ধরে বন্দরের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছেন। হজ থেকে ফিরে আসার পর এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বন্দরে কনটেইনার ওঠানো-নামানোয় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের নাম উল্লেখ করে বলেন, ‘সে (প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক) কী করে মন্ত্রীকে হুমকি দেয়, মন্ত্রী পাগল হয়ে যায়। চেয়ারম্যানকে হুমকি দেয়। চেয়ারম্যান পাগল হয়ে যায়। সংসদীয় কমিটি পাগল হয়ে যায়।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সাইফ পাওয়ারটেক ১০০ টাকা বন্দর থেকে নিয়ে শ্রমিককে ১০ টাকা দিয়ে কাজ করায়। বাকি ৯০ টাকা থেকে সে ওদের ভাগ করে দেয় বিধায় তারা সুকৌশলে তার পক্ষাবলম্বন করে। চেয়ারম্যান তার পক্ষাবলম্বন করে। মন্ত্রী তার পক্ষাবলম্বন করে। করে এ জন্যই—টাকা পায়, তার জন্য।’
মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, শর্ত ভঙ্গ করায় ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো পরিচালনার জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বন্দরের চুক্তি বাতিল করতে হবে।
মহিউদ্দিন চৌধুরীর অভিযোগের বিষয়ে জানতে গতকাল সোমবার রাতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওনার বিবেক যদি এ কথা বলে, তাহলে এটা ওনার ব্যাপার। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
অভিযোগ প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সাইফ পাওয়ারটেক লিমিটেড বন্দরে যেসব কাজ পেয়েছে, তা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পেয়েছে। মন্ত্রণালয়, ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের মাধ্যমেই যথাযথ নিয়ম অনুসরণ করে কাজ দেওয়া হয়েছে। ভাগ-বাঁটোয়ারা নিয়ে কথাগুলো ভিত্তিহীন। যুক্তিযুক্ত নয়।’
বন্দরের অনিয়মের বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নিজামউদ্দিন আহমেদ গত রোববার একটি চিঠি দেন। চিঠিতে তিনি জানান, আমার প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের দুজন মন্ত্রী ও সাংবাদিকদের উপস্থিতিতে আন্দোলনের দাবি নিয়ে আসন্ন উপদেষ্টা কমিটির সভায় বিষয়গুলো আলোচনার জন্য নৌমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
উপদেষ্টা কমিটির সভায় অনেকগুলো আলোচ্যসূচির সঙ্গে বন্দরের দুর্নীতি-অনিয়মের বিষয়ে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এককভাবে আমার প্রদত্ত প্রস্তাব অনুযায়ী বৈঠক করতে চাই। অন্যথায় নয়।’
সংবাদ সম্মেলনে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার, ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ বক্তব্য দেন। অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।