সরকারের একাধিক দপ্তরের এক ঠিকাদারের কুমিল্লার বাড়িতে গিয়ে তিন মন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন একান্ত সচিব, দুদকের একজন মহাপরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র গতকাল শনিবার মেজবান খেয়েছেন।
মেজবানের আয়োজক ঠিকাদারি ব্যবসায়ী আবদুর রশিদ। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ব্যবসা করেন। এই মেজবান উপলক্ষে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। বিদ্যালয়গুলোর মাঠে দিনভর খাওয়া-দাওয়ার আয়োজন ছিল।
আবদুর রশিদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া গ্রামে। তিনি রাজধানী ঢাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (১) আবদুল মালেক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এম এইচ সালাউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কুমিল্লার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।
আবদুর রশিদ নিজেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বন্ু্ল বলে পরিচয় দেন। মন্ত্রী হওয়ার পর রাজধানীর খিলগাঁও এলাকায় রেলের প্রায় ২০০ কোটি টাকার জমি আবদুর রশিদের আবেদনের ভিত্তিতে বরাদ্দের উদ্যোগ নিয়েছিলেন মুজিবুল হক। এই বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই বরাদ্দ-প্রক্রিয়া বন্ধ রাখা হয়।
আবদুর রশিদের ঘনিষ্ঠজনেরা জানান, মেজবান উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা, চৌদ্দগ্রামের তিনটি ইউনিয়ন ও কুমিল্লা শহরের কয়েক হাজার গণ্যমান্য লোককে আমন্ত্রণ জানানো হয়। এক হাজার ২০০ মণ চালের ভাত আর ২৪২টি গরু ও খাসির মাংস ছিল মেজবানে আলোচনার বিষয়।
মেজবান উপলক্ষে স্থানীয় পিপুলিয়া নজরুল একাডেমি, পিপুলিয়া কামিল মাদ্রাসা, শীষপুর হাজী রাজা মিয়া হাইস্কুল, দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল কলেজ বন্ধ রাখা হয়। এ ছাড়া হাজী মনসুর আহমেদ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, দিঘলগাঁও ও টঙ্গীরপাড় খোলা মাঠে অতিথি আপ্যায়নের জন্য প্যান্ডেল করা হয়।
মন্ত্রী ও আমলাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য কোদালিয়া গ্রামে আবদুর রশিদের নতুন বাড়িতে খাওয়ার ব্যবস্থা করা হয়। আমন্ত্রিত অতিথিদের গাড়ি রাখা হয় দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল কলেজ মাঠে।
বিদ্যালয় বন্ধ করে অতিথি আপ্যায়নের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, মেজবান উপলক্ষে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও টেবিল নেওয়া হয়।
শীষপুর হাজী রাজা মিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম বলেন, ‘মেজবানের জন্য প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি হিসেবে এ দিনটি গণ্য করা হবে। আমার বিদ্যালয় প্রাঙ্গণে ৪০ হাজার লোকের খাবারের ব্যবস্থা ছিল। আমরা ৪৬ হাজার লোককে খাইয়েছি। প্রতি ব্যাচে দুই হাজার পুরুষ ও ৩০০ মহিলা বসেছিল।’
দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু তাহের বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের এখতিয়ার হিসেবে এক দিনের ছুটি দিয়ে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ওই কারণে শনিবার কোনো ক্লাস হয়নি।’
জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘মেজবান উপলক্ষে আমরা ওনার (আবদুর রশিদ) গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে মাননীয় মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোনো বিদ্যালয় বন্ধ ছিল কি না, আমার জানা নেই।’
এই বিষয়ে কথা বলার জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুুজিবুল হক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুল মালেকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।
আবদুর রশিদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আল্লাহর ওয়াস্তে আয়োজন করেছি। এতে আমার এলাকার দুই মন্ত্রী (রেল ও পরিকল্পনা) ছিলেন। আর নৌমন্ত্রীকে দাওয়াত দিয়েছিলাম। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে এসেছিলেন। দুদকের মহাপরিচালক আমার দেশি হিসেবে এসেছেন। প্রধানমন্ত্রীর একান্ত সচিবও এসেছিলেন। অনেককেই দাওয়াত করেছি। এলাকার লোকও খেয়েছেন।’
বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘শনিবারে তো স্কুল বন্ধই থাকে। আর আমি তো স্কুলের মাঠে আয়োজন করেছি।’
আবদুর রশিদ আরও বলেন, ‘আপনি একবার লিখে তো আমার ক্ষতি করলেন। স্কুলের জমিটা পাইনি। এখন আবার কী ক্ষতি করতে চান? তাহলে আর কোনো ভালো কাজ করতে পারব না।’