ঠিকাদারের দায়িত্বহীনতা ভোগান্তি শিক্ষার্থীদের
নির্ধারিত সময়ের পর এক বছর পার হলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাঘাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হয়নি। যথাসময়ে কাজ শেষ করতে না পারায় বিদ্যালয় নির্মাণের জন্য বরাদ্দ ১৬ লাখ টাকার মধ্যে ছয় লাখ টাকা ফেরত গেছে। আর কাজ শেষ না করেই ঠিকাদার বাকি ১০ লাখ টাকা তুলে নিয়ে গেছেন।
নির্মাণকাজ শেষ না হওয়ায় প্রায় দেড় বছর ধরে বিদ্যালয়ের শিশুশ্রেণীর শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে এলজিইডি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বাঘাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য স্থানীয় ঠিকাদার মেসার্স চৌধুরী ট্রেডার্সকে কার্যাদেশ দেয়। ১৬ লাখ এক হাজার ৫১৯ টাকার এই কাজ ২০১২ সালের ১ জানুয়ারি শুরু করে ১৭ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় কাজের মেয়াদ আরও ৩৬ দিন বাড়ানো হয়। প্রতিষ্ঠানের দ্বিতীয় দফা আবেদনের পর চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু ঠিকাদার ৩০ জুনের মধ্যে ঘরের মেঝে, ছাউনির জন্য লোহার অ্যাঙ্গেল দিয়ে কাঠামো নির্মাণ ও দুটি পায়খানার জন্য চারটি করে খুঁটি বসিয়ে ফেলে রাখে। ইতিমধ্যে ঠিকাদার ১০ লাখ টাকার বিল তুলে নিয়েছেন। গত ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে না পারায় অবশিষ্ট ছয় লাখ এক হাজার ৫১৯ টাকা ফেরত পাঠিয়েছে এলজিইডি।
বর্তমানে বিদ্যালয়ের আড়াই শ শিক্ষার্থী পুরোনো ভাঙাচোরা ঘরে ক্লাস করছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, শিশুশ্রেণীর জন্য কক্ষ না থাকায় বাধ্য হয়ে খোলা জায়গায় ক্লাস নিতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী শামসুল হক মোল্লা জানান, ঠিকাদার অ্যাঙ্গেল দিয়ে টিনশেড ঘরের কাঠামো দাঁড় করালেও আর কোনো কাজ করেননি। ঠিকাদারকে বারবার চিঠি দিয়ে কাজ শেষ করতে বলা হয়েছে। কয়েক দফা সময় বাড়ানোর পরও কাজ শেষ করতে না পারায় বরাদ্দ করা ছয় লাখ এক হাজার টাকা ৩০ জুনের মধ্যে ফেরত দিতে হয়েছে।
ঠিকাদার সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘ওই এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী কয়েক দফা চাঁদা দাবি করায় বাধ্য হয়ে কাজটি বন্ধ রাখা হয়েছিল। শুনেছি বরাদ্দকৃত টাকা ফেরত গেছে। কাজের পরিবেশ তৈরি হলে বাধ্য হয়ে আমাকে কাজ শেষ করতে হবে।’