ঠিকাদারের দায়িত্বহীনতা এক মাসে ১০টি দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকায় একটি কালভার্ট নির্মাণের কাজে ঠিকাদারের দায়িত্বহীনতার কারণে গত এক মাসে ১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একজন নিহত ও শতাধিক বাসযাত্রী আহত হয়েছে। বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী শিশির কুমার জানান, বরিশাল সওজ ওই স্থানে ২০১০-১১ অর্থবছরে একটি নতুন আরসিসি কালভার্ট নির্মাণের প্রকল্প হাতে নেয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মতিয়ার রহমানকে প্রকল্পটি বাস্তবায়নের কার্যাদেশ দেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হয়। স্থানীয় উত্তর পালরদী গ্রামের আবদুল মালেক হাওলাদার (৫০), মো. নুরুল ইসলাম বেপারী (৪২) ও মো. সিদ্দিকুর রহমান (৫৫) জানান, এই মহাসড়কের ওপর দিয়ে বাস, ট্রাকসহ প্রতিদিন দূরপাল্লার কয়েক হাজার যান চলাচল করে। কাজ শুরুর আগে প্রকল্পের স্থানে বিকল্প সড়ক নির্মাণ করার কথা থাকলেও ঠিকাদার তা করেননি। প্রকল্প স্থানের পশ্চিম পাশে যাতায়াতের কোনো রকম ব্যবস্থা করা হয়। ওই স্থান দিয়ে যান চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাসচালক মো. দেলোয়ার হোসেন (৪৮) ও মো. বেলাল হোসেন জানান, মহাসড়কের দুই পাশে নির্মাণকাজের কোনো সাইনবোর্ড বা সংকেত দেওয়া হয়নি। রাস্তার পারাপারের জন্য কোনো সিগন্যাল ম্যান রাখা হয়নি। এমন কি রাতে মহাসড়কের দুই পাশে কোনো লাইট ও লালপতাকা নেই। বাসচালক সেকান্দার হোসেন বলেন, ‘রাস্তায় কাম চলে হেইয়া বোঝার কোনো উপায় নাই। রাইতে দ্রুতগামী দূরপাল্লার বাস ও ট্রাকচালকরা দুর্ঘটনায় পড়ে।’ প্রত্যক্ষদর্শী মো. সাইদুর রহমানসহ একাধিক বাসচালক জানান, ঠিকাদার নির্মাণ-সংকেত না দেওয়ায় বৃহস্পতিবার ভোররাতে মেহেরপুর থেকে বরিশালগামী আল-সানী পরিবহনের গাড়িটি নির্মাণাধীন সেতুর খাদে পড়ে যায়। এতে অজ্ঞাতনামা একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়। দুর্ঘটনার পর সকালে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঠিকাদারের লোকজনের ওপর চড়াও হলে তাঁরা প্রকল্প এলাকা থেকে পালিয়ে যান। বরিশাল বাসমালিক সমিতির টাইম কিপার মো. হাবিবুর রহমান জানান, সোমবার একই স্থানে ভাঙারিভর্তি একটি ট্রাক উল্টে তিনজন এবং একটি নসিমন উল্টে ১২ জন আহত হয়। বরিশাল মালিক সমিতির তিনটি বাস দুর্ঘটনায় পড়ে। এ ছাড়া ১২ ফেব্রুয়ারি একটি বাস খাদে পড়ে ১০ জন আহত হয়।স্থানীয় মো. রুহুল হাওলাদার (৪০) ও মো. জানে আলমসহ কয়েকজন জানান, গত এক মাসে ওই স্থানে ১০টি দুর্ঘটনায় একজন নিহত ও শতাধিক বাসযাত্রী আহত হয়। ঠিকাদার মো. মতিয়ার রহমান বলেন, ‘সংকেতসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। অসতর্ক ও বেপরোয়া গাড়িচালকেরা দুর্ঘটনায় পড়ে থাকতে পারে।’বরিশাল সওজের উপসহকারী প্রকৌশলী শিশির কুমার বলেন, ‘আমার জানামতে, বিকল্প সড়ক তৈরিসহ নির্মাণ-সংকেত দেওয়া হয়েছে।’