ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রধান অভিযোগগুলো হচ্ছে, দীর্ঘদিন কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা, বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে টাকা আদায় ও নির্মাণকাজে নালার ময়লা পানি ব্যবহার। এলাকাবাসী, স্থানীয় দোকানমালিক ও ব্যবসায়ী-সংগঠনের নেতারা এসব অভিযোগ তুলেছেন। অনুসন্ধানে জানা গেছে, সিডিএ ঢাকা ট্রাংক রোডের (দেওয়ানহাট জংশন থেকে অলংকার জংশন) ৪ দশমিক ৩০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ শুরু করে গত বছরের এপ্রিল মাসে। ৮৬ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০১৪ সালের জুন মাসে। সরেজমিনে দেওয়ানহাট মোড় থেকে অলংকার পর্যন্ত সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ জায়গায় নালার কাজ শেষ হলেও সড়কের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। নতুন করে তৈরি করা নালাগুলো ভরাট হয়ে গেছে ময়লা-আবর্জনায়। কোথাও কোথাও নালার ওপর পাটাতন (স্ল্যাব) বসিয়ে ভ্রাম্যমাণ চায়ের দোকান, সিএনজি অটোরিকশা এবং ট্রাকের অস্থায়ী গ্যারেজ গড়ে তোলা হয়েছে। আবার কোথাও সড়কের মাটি ও বালু রাস্তার ওপর স্তূপ করে রাখা হয়েছে। এতে যানজট আর ধুলোবালিতে নাকাল হচ্ছে এলাকাবাসী।সরেজমিনে দেখা যায়, ঈদগা এলাকায় রাস্তার দুই পাশে খাট-পালঙ্ক, চেয়ার-টেবিল ছড়িয়ে রাখা হয়েছে। বসেছে ভ্রাম্যমাণ চায়ের দোকান। মনসুরাবাদ ও আগ্রাবাদ এলাকায় গড়ে তোলা হয়েছে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সারাইখানা। হাজি ক্যাম্পের সামনের রাস্তায় বিভিন্ন স্টিলের আসবাব রাখা হয়েছে। ঈদগা আবিদ কমপ্লেক্সের সামনের সড়কের মাটি কেটে নেওয়ার পর সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে ময়লা পানি জমে ছোটখাটো পুকুরের আকার ধারণ করেছে। এ ব্যাপারে স্থানীয় জননী মেডিসিন সেন্টারের স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন বলেন, ‘তিন মাস ধরে এভাবে ফেলে রেখেছে ঠিকাদারের লোকজন। এ গর্তে পড়ে অনেকেই আহত হয়েছেন।’ বারো কোয়ার্টার এলাকার পীর আলী শাহ মাজার ওয়াক্ফ এস্টেটের সহসাধারণ সম্পাদক আমীর পারভেজ বলেন, ‘মাজারের সীমানা দেয়াল ভেঙে ফেলার পর তা পুনর্নির্মাণের আশ্বাস দিলেও ঠিকাদারের লোকজন গত চার মাসেও সে কাজে হাত দেননি।’ অভিযোগ রয়েছে, ঠিকাদারের লোকজন কোনো কোনো জায়গায় নালা ও সড়কের কাজ আগে সেরে দেওয়া ও নালার ওপর স্ল্যাব বসিয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। এ ব্যাপারে ঈদগা আবিদ কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতা মোহাম্মদ ছাইদ বলেন, ‘ঠিকাদারের লোকজন মার্কেটের সামনে নালার ওপর স্ল্যাব বসানোর বিনিময়ে আমার কাছে ছয় হাজার টাকা দাবি করেছেন। পরে বাধ্য হয়ে দুই হাজার টাকা দিতে হয়েছে।’ ঈদগা বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু জাহেদ আলম বলেন, ‘ঠিকাদারের লোকজন বিভিন্ন দোকানপাটের মালিকের কাছ থেকে নানা অজুহাতে টাকা নিয়েছেন বলে অভিযোগ পেয়েছি। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানপাটের সামনে মাটি কেটে গর্ত করে রাখার ফলে সবাইকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ’ এসব বিষয়ে জানতে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামের সঙ্গে কথা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এসব ছোটখাটো অনিয়মের কথা অস্বীকার করা যায় না। এসব অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে এ কথা নিশ্চিত করে বলতে পারি, নির্মাণসামগ্রীর মানের ব্যাপারে কোনো হেরফের করার সুযোগ নেই। কারণ, তা আমরা যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। তিনি বলেন, রাস্তার কাজে কোনো ঠিকাদারিপ্রতিষ্ঠান অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। দুই বছর পর্যন্ত কাজের মান যাচাইয়ের পর তাদের জামানতের টাকা ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’