ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া পে-অর্ডার দিয়ে কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের এক ঠিকাদার। অস্তিত্বহীন ব্যাংকের শাখার নামে একাধিক পে-অর্ডার দিয়ে পৌনে ৬৮ লাখ টাকার কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ওই ঠিকাদারের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আর চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃপক্ষ এই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করেছে। এই ঠিকাদারের নাম মো. মহসীন উদ্দিন খান। তাঁর প্রতিষ্ঠানের নাম মেসার্স এটিপি কনস্ট্রাকশন এবং এর হোল্ডিং নম্বর হচ্ছে-১৩০১/এ, ইস্ট নাসিরাবাদ, চট্টগ্রাম। পে-অর্ডার জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ৪২০, ৪০৬, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় ১১ জুলাই নগরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদ সূত্র জানায়, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া-উকিলপাড়া সড়ক, পটিয়া জেলা পরিষদ সুপার মার্কেট, সন্দ্বীপের আমীর মোহাম্মদ ফেরিঘাট সড়ক, চন্দনাইশ-সাতবাড়িয়া উত্তর বহরমপাড়া বায়তুল আকবর জামে মসজিদসংলগ্ন সড়ক এবং রাঙ্গুনিয়া পাবলিক হল উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কাজ পেয়েছিলেন মেসার্স এটিপি কনস্ট্রাকশনের মালিক মো. মহসীন উদ্দিন খান। প্রকল্পের কাজ পাওয়ার আগে সংশ্লিষ্ট ঠিকাদারকে পাঁচ শতাংশ নিরাপত্তা জামানত পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হয়। জেলা পরিষদ সূত্র আরও জানায়, মো. মহসীন উদ্দিন খান এসব উন্নয়নকাজের বিপরীতে পাঁচ শতাংশ নিরাপত্তা জামানত বাবদ একাধিক পে-অর্ডারের মাধ্যমে তিন লাখ ৩৩ হাজার ৫০০ জমা দেন। সব পে-অর্ডার আইএফআইসি ব্যাংক পাহাড়তলী শাখা থেকে করা হয় বলে নথি দেখে জানা গেছে। পরে নগদায়নের জন্য পে-অর্ডারগুলো আন্দরকিল্লা শাখার এনসিসি ব্যাংকে জমা দেয় চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃপক্ষ। কিন্তু পাহাড়তলীতে আইএফআইসি ব্যাংকের কোনো অস্তিত্ব নেই। চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ও সরকারের উপসচিব সৈয়দা সরোয়ার জাহান বলেন, ‘আমরা আগে পে-অর্ডার নিয়ে ঠিকাদারকে কাজ করার নির্দেশ দিতাম। ব্যাংকে এসব পে-অর্ডার জমা দেওয়া হতো না। এখন নিয়মের পরিবর্তন হয়েছে। তাই অন্যদের মতো মো. মহসীন উদ্দিন খানের পে-অর্ডার আমরা আন্দরকিল্লা শাখার এনসিসি ব্যাংকে জমা দিই। ব্যাংক থেকে চিঠি দিয়ে জানানো হয় যে, মো. মহসীন উদ্দিন খানের পে-অর্ডারগুলো জাল। আর পাহাড়তলী যে ব্যাংকের মাধ্যমে এগুলো করা হয়েছে, সেই ব্যাংকটিরও কোনো অস্তিত্ব পাহাড়তলী এলাকায় নেই।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন বলেন, ‘ঠিকাদার মহসীন উদ্দিন খানের বিরুদ্ধে মামলা হওয়ার পর আমরা তাঁকে ধরতে অভিযানে নামি। কিন্তু তিনি আত্মগোপনে চলে গেছেন।’ এদিকে ঠিকাদার মো. মহসীন উদ্দিন খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর ফোনের সংযোগ বন্ধ পাওয়া গেছে।