ঠিকাদারের বিরুদ্ধে বাঁধের ব্লক চুরির অভিযোগ
ভোলা শহর রক্ষা বাঁধের ব্লক চুরির অভিযোগ উঠেছে খোদ ঠিকাদারের বিরুদ্ধে।জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে শহর রক্ষা বাঁধের ভাঙন ঠেকানোর জন্য ব্লক-বাঁধের বাইরে পড়ে থাকা পরিত্যক্ত ব্লকগুলো সংগ্রহ করে সেগুলো বসানোর দায়িত্ব দিয়েছে ঠিকাদারকে; কিন্তু ঠিকাদার তা না করে ভাঙনকবলিত বাঁধের গা থেকে ব্লক সংগ্রহ করছেন। গত রোববার সকালে ঠিকাদারের লোকজন বাঁধের ব্লক চুরি করার সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। একপর্যায়ে তাঁরা পালিয়ে যান। পাউবোর নির্বাহী প্রকৌশলীর গাড়িচালক আবদুল কুদ্দুস ও তাঁর সঙ্গী আবদুল হক এ কাজের ঠিকাদারির দায়িত্ব পেয়েছেন।পাউবোর সহকারী প্রকৌশলী ফজলে এলাহী জানান, ধস থামানোর জন্য জরুরি ভিত্তিতে ৩৯ হাজার বালুর বস্তা ফেলে তার ওপর ব্লক চাপা দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে। এ জন্য এক কোটি টাকা বরাদ্দ হয়। এলাকাবাসীর কথা অনুযায়ী, ধনিয়া তুলাতুলি বাঁধ এলাকায় বাঁধের বাইরে বিভিন্ন পুকুর, গর্ত ও উঠোনে বেশ কিছু ব্লক পরিত্যক্ত পড়ে আছে। সেগুলো সংগ্রহ করে বালুর বস্তার ওপরে বসাতে ঠিকাদারকে বলা হয়েছে।ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরীফুল ইসলাম, নিজামউদ্দিন গোলদার, নাজিমউদ্দিন জমাদ্দার, তাজুল ইসলামসহ কয়েকজন বলেন, ‘ঠিকাদার পরিত্যক্ত ব্লকগুলো সংগ্রহ না করে নদীর পাড়ের বাঁধ থেকে ব্লক চুরি করে সংগ্রহের তালিকা বাড়াচ্ছেন। আমরা ওই শ্রমিকদের তাড়িয়ে দিয়েছি।’গত রোববার সরেজমিনে দেখা গেছে, দফাদারবাড়ি থেকে গোলদারবাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার ব্লক-বাঁধ ধসে গেছে। কোথাও কোথাও মাটির তৈরি বন্যানিয়ন্ত্রণ বাঁধে মেঘনার ঢেউ আছড়ে পড়ছে। অথচ ঠিকাদারের লোকজন ওই ভাঙনকবলিত বাঁধ থেকে ব্লক চুরি করে এক স্থানে জমা করেছেন।ঠিকাদার আবদুল হক জানান, ব্লক-বাঁধে ধস নামায় প্রথম স্তরের ব্লক নদীতে ডুবে যাচ্ছে। এ জন্য সেগুলো তুলে রাখা হচ্ছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘ঠিকাদার বাঁধের গা থেকে যে ব্লক তুলে নিচ্ছেন, তার কোনো সুযোগ নেই। কারণ, ঠিকাদারকে পরিত্যক্ত ব্লক সংগ্রহের জন্য টাকা দেওয়া হবে।’