ঠিকাদারের 'উপহার' বাঁশের সাঁকো

‘আমাদের কী সৌভাগ্য, পাকা সেতুর বদলে বাঁশের সাঁকো উপহার পেয়েছি।’ গত শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ-নেকমরদ সড়কে বাঁশের একটি সাঁকো পারাপারে বিড়ম্বনার কথা বলতে গিয়ে এ কথা বলেন ভগদগাজী গ্রামের বাসিন্দা আবদুল জব্বার।
ওই সড়কের কাশিডাঙ্গা এলাকায় পুরোনো একটি পাকা সেতু ছিল। গত বছরের শুরুতে সেতুর মাঝখানে গর্ত সৃষ্টি হয়। গত ফেব্রুয়ারিতে নতুন সেতু নির্মাণে সেটি ভেঙে ফেলা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁও সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জুলাই মাসে নর্দান বাংলাদেশ ইনট্রিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এলজিইডি ভগদগাজি থেকে শিবগঞ্জ পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়ক মেরামতের উদ্যোগ নেয়। সেতুটি ওই সড়কে পড়ায় সেটিও নির্মাণের আওতায় আনা হয়। সেতুসহ সড়ক মেরামতের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫ কোটি ২৩ লাখ ৯৫ হাজার টাকা। কাজটি পান শহরের ঠিকাদার রামবাবু। ওই বছরের ২৬ আগস্ট তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের শর্তানুযায়ী কাজটি এ বছরের ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা। গত ফেব্রুয়ারি মাসে নতুন সেতু নির্মাণের জন্য পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। সেতুটি ভেঙে ফেলার সময় ঠিকাদার সেতুর পাশে বিকল্প সড়ক নির্মাণ করে দেন। বর্ষা শুরু হলে বিকল্প সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে ওই পথে চলাচল বন্ধ হয়ে যায়। পরে লোকজনের পারাপারে ওই জায়গায় বাঁশের সাঁকো বানিয়ে বিকল্প ব্যবস্থা করে দেন ঠিকাদার।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। এ সময় ভগদগাজী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল কবির বলে, ‘আজ (গত শনিবার) বিদ্যালয়ে যাওয়ার সময় সাঁকো থেকে আমি পড়ে যাই। এতে বইপত্র ও পোশাক ভিজে যাওয়ায় বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে ফিরে আসি।’ মালিগাঁও কাশিডাঙ্গা গ্রামের বাসিন্দা কাশেম আলী বলেন, ‘কষ্ট হলেও ভাঙা সেতু দিয়ে যাতায়াত করা যেত। সেতুটি ভেঙে ফেলার পর ঠিকাদার বাঁশের সাঁকো তৈরি করায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত কয়েক দিনে সাঁকো থেকে পাঁচ থেকে ছয়জন মোটরসাইকেল ও বাইসাইকেলের আরোহী পানিতে পড়ে গেছেন।’
স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বলেন, ওই সেতু দিয়ে এলাকার কয়েকটি গ্রামের মানুষ চলাচল করত। কিন্তু সেখানে বাঁশের সাঁকো দেওয়ায় উৎপাদিত পণ্য পাশের হাটবাজারে নিয়ে যেতে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার রামবাবু বলেন, খালের পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেতুর কাজও শুরু হবে। সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় লোকজনের কষ্ট করে ওই সাঁকো দিয়েই চলাচল করতে হবে।
এ ব্যাপারে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান সরদার গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আশা করছি ১৫ অক্টোবরের ভেতরে ওই সেতুর কাজ শুরু করতে পারব। এই কাজ শেষ হতে ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত লাগতে পারে।’