ঠিকাদার-পরামর্শকসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় গত সোমবার রাতে মামলা হয়েছে। এতে ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ চারজনকে আসামি করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ৪০৬, ৪১৮ ও ৪২৭ ধারায় করা এ মামলার আসামিরা হলেন ভবনটি নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মণিপুরীপাড়ার জয় ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মনি সিং, পরামর্শক প্রতিষ্ঠান ঢাকা শেওড়াপাড়ার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার, প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন ও আইসিটি ব্যবস্থাপনা শাখার উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন বলেন, এসআই কবির হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ভবনটির সামনের অংশের লুভার (লুপ) নির্মাণে অনুমোদিত নকশা উপেক্ষা করে রডের পরিবর্তে বাঁশের কাবারি ব্যবহারের বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের গোচরীভূত হয়।
বিদেশ থেকে কৃষিজাত পণ্যের মান যাচাই ও বালাই পরীক্ষার জন্য দর্শনায় ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নির্মাণ শেষে আগামী জুন মাসে ভবনটি হস্তান্তর হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই নির্মাণাধীন ভবনটির সৌন্দর্য বর্ধনে নির্মিত লুভার ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে ৯ এপ্রিল প্রথম আলোয় ‘দর্শনায় উদ্ভিদ সংগনিরোধ ভবন নির্মাণ, রডের বদলে বাঁশ, খোয়ার স্থলে সুরকি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।