ঠিকানা খুঁজে পেল ৫০০ টিয়া
মুক্তির আনন্দে আকাশে উড়ে গেল ৫০০ টিয়া। আর পাখি পাচারকারীকে পাঠানো হলো কারাগারে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে তার তিন মাসের কারাদণ্ড হয়েছে। গতকাল শুক্রবার রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় ঢাকাগামী একটি নৈশকোচে অভিযান চালিয়ে ৫০০ টিয়া পাখিসহ এক পাচারকারীকে আটক করা হয়। তাঁর নাম মফিজ উদ্দিন (৪০)। বাড়ি ভোলার লালমোহন উপজেলার কুমারখালি গ্রামে।
গতকাল শুক্রবার সকালে মফিজ উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। বিচারক ফয়সাল হক পাখি পাচারকারী মফিজ উদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পাখিগুলোকে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী জেলা প্রশাসকের বাংলোর সামনে নিয়ে পদ্মা নদীর চরে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী জানান, মফিজ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাখিগুলো কিনে এনেছিলেন। ওই এলাকার লোকজনের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সেখানে অনেক লোক ফাঁদ পেতে পাখি শিকার করে। মফিজ উদ্দিন তাদের কাছে থেকে পাখি কিনে আনেন।
এর আগে ১৪ আগস্ট দেশীয় বিভিন্ন প্রজাতির ৮০৫টি পাখিসহ রাজশাহী বন বিভাগের হাতে আটক হয়েছিলেন মফিজ উদ্দিন। তখন তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।