ঠিকানা জানে না আনিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিকা
আনিকা

ছয় বছরের শিশু আনিকা নিজের ঠিকানা বলতে পারে না। শুধু জানে, বাবার নাম আবুল আর মায়ের নাম মরিয়ম। এর বাইরে আর কোনো কিছুই সে জানে না। চুপচাপ থাকে সব সময়। অসুস্থ অানিকাকে হাসপাতাল থেকে গতকাল আদালতে হাজির করে পুলিশ। পরে নিরাপদে হেফাজতে রাখার জন্য কোনাপাড়ার কিশোরী উন্নয়ন কেন্দ্রে তাকে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম)।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১১ এপ্রিল গেন্ডারিয়ার লোহারপুল খালপাড় মুরগির দোকানের সামনে কান্নাকাটি করতে থাকে অানিকা। পরে স্থানীয় বাসিন্দা রাফিন আহম্মেদ তার নাম-ঠিকানা জানতে চাইলে সে কিছুই বলতে পারেনি। এরপর তাকে গেন্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়। অসুস্থ অানিকার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। গত বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালেই ছিল। পরে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে গতকাল তাকে আদালতে নেওয়া হয়। আদালতে আনিকাকে দেখা যায় চুপচাপ। নাম-ঠিকানা পর্যন্ত বলতে পারেনি। কিছু জিজ্ঞাসা করলেও ফ্যালফেলিয়ে চেয়ে থাকে।