ঠিকানা জানে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংসারের অভাব ঘোচাতে চার বছরের মেয়ে​ আর স্বামীকে রেখে কাজের খোঁজে ঢাকা আসি৷ সদরঘাটে আসার পথে লঞ্চে এক খালার সঙ্গে পরিচয় হয়৷ তিনি কা​জ দেওয়ার নাম করে আমাকে ফরিদপুরে নিয়ে আসেন৷ এসে দেখি এখানে খারাপ কাজ হয়৷ একপর্যায়ে ফরিদপুর থেকে পুলিশ আমাকে উদ্ধার করে৷ আমি আমার স্বামী-সন্তানের কাছে ফিরে যেতে চাই৷’

কথাগুলো বলছিলেন ১৮ বছরের এক তরুণী৷ চলতি বছরের ২৬ জানুয়ারি তিনি ফরিদপুরে অবস্থিত ঢাকা বিভাগীয় কিশোর-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফহোম) আশ্রয় নেন৷ সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই আশ্রয়কেন্দ্রে তাঁর মতো আরও এক শিশু ও দুই বাক্‌প্রতিবন্ধী তরুণী রয়েছেন৷ তাঁরা মা-বাবার কাছে ফিরে যেতে চাইলেও সঠিকভাবে পরিবারের ঠিকানা বলতে পা​রছেন না৷

ওই তরুণী জানান, তাঁর মায়ের নাম সখিনা, আর বাবার নাম সালাম৷ তাঁর স্বামীর নাম ইলিয়াস৷ বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলিরচর গ্রামে৷ তাঁর আসমা নামের চার বছরের একটি মেয়ে আছে৷

গত সোমবার সেফহোমে গেলে জানা যায়, বাক্‌প্রতিবন্ধী এক কিশোরী (২০)রাজবাড়ীর আমলী আদালত হয়ে গত ২০১৩ সালের ৩০ জানুয়ারি এ আবাসন কেন্দ্রে আসেন৷ তিনি অঙ্গভঙ্গিতে জানিয়েছেন, তাঁর পরিবারে মা-বাবা, পাঁচ বোন ও দুই ভাই রয়েছেন৷ বাবা পেশায় একজন কৃষক৷ রাজবাড়ী থানার পুলিশ ওই কিশোরীকে হাসপাতালের ছাড়পত্রসহ রাস্তা থেকে উদ্ধার করে৷

অানুমানিক ১৮ বছর বয়সী আরেক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার কপিলমুনী এলাকায় একটি বাস থেকে যাত্রীরা তুলে দেয় পুলিশের হাতে৷ পরে আদালতের মাধ্যমে ২০১৩ সালের ১৫ মার্চ এ আবাসন কেন্দ্রে জায়গা হয় তাঁর৷ পরিবারে তাঁর মা-বাবা, এক ভাই ও পাঁচ বোন রয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ সারা দিনই কান্নাকাটি করে বাড়ি ফিরে যাওয়ার আকুতি জানাচ্ছেন তিনি৷

২০১১ সালের ২ মে শরীয়তপুরের পালং থানার মাধ্যমে এ আবাসন েকন্দ্রে আসে আরিফ নামের এক শিশু৷ তার বাড়ি কোথায় সে জানে না৷ প​িরবার সম্পর্কে সে জানায়, তার বাবা দুই বিয়ে করেছেন৷ সে ছোট মায়ের সন্তান৷ তারা দুই ভাই৷ আরেক ভাইয়ের নাম লিটন৷ ওই কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক এম এ মান্নান বলেন, ‘এই চার শিশু-তরুণীকে নিয়ে আমরা বিপাকে পড়েছি৷ তাঁরা সবাই বাড়িতে মা-বাবার কাছে যেতে চান৷ কিন্তু কেউ সঠিকভাবে ঠিকানা বলতে পারছেন না৷’