ঠিকানা না জানা শিশুটি বাড়ি ফিরতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের শিশুটিকে প্রতিবন্ধী সাজিয়ে ফেরিঘাটে ভিক্ষা করাচ্ছিলেন এক দম্পতি। আশপাশের লোকজন বিষয়টি টের পেতেই তাঁরা সটকে পড়েন। নিজের ঠিকানা না জানা শিশুটির এখন ঠিকানা হয়েছে ঝিনাইদহের বেসরকারি সংস্থা এইড ফাউন্ডেশন।

শিশুটি তার নাম বলছে ইসমাইল হোসেন। বাবার নাম দুলাল হোসেন; মা খাদিজা খাতুন। এর বেশি কিছু বলতে পারে না সে।

শিশুটিকে উদ্ধার করেছেন এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন তারিকুল ইসলাম। তিনি বলেন, গত বছরের ২৫ অক্টোবর তিনিসহ কয়েকজন ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ঝিনাইদহে ফিরছিলেন। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দেখতে পান, শিশুটিকে দিয়ে এক দম্পতি দিয়ে ভিক্ষা করাচ্ছেন। শিশুটির বাঁ হাতটি শরীরের পেছনের দিকে বাঁকানো ছিল। এর মাধ্যমে বোঝানো হচ্ছিল, সে শারীরিক প্রতিবন্ধী। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তিনি। তখনই তাঁর সন্দেহ হয়, শিশুটি প্রতিবন্ধী নয়। তাকে প্রশ্ন করতেই বিষয়টি প্রকাশ পেয়ে যায়। আশপাশের লোকজন জুটে গেলে এক ফাঁকে ওই দম্পতি সটকে পড়েন।

শিশুটিকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেও তার পরিচয় বের করা যায়নি। ফলে যাওয়ার কোনো জায়গা না থাকায় তাকে মাইক্রোবাসে তুলে নেন তারিকুল ইসলাম। বর্তমানে সে ঝিনাইদহ শহরের এইড ফাউন্ডেশন কার্যালয়ে অবস্থান করছে। সেখানে প্রতিবন্ধীদের আবাসিক স্কুলে ভর্তি হয়েছে ইসমাইল। সংস্থার পক্ষ থেকে তার থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা করা হচ্ছে।

শিশু ইসমাইল হোসেন প্রথম আলোকে বলে, যাঁদের সঙ্গে সে ছিল, তাঁরা তার কেউ নন। তাঁদের সঙ্গে ভিক্ষা করত। তাঁরা খেতে দিতেন। তার বাড়ির ঠিকানা মনে নেই। তবে সে বাড়ি ফিরতে চায়।

কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, তিনি শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চান। কিন্তু তার পরিবারের কোনো সন্ধান পাচ্ছেন না।