ঠিকানা পেল 'একুশ'

একটি সন্তানের জন্য ১৯ বছর ধরে অপেক্ষা করছিলেন চট্টগ্রামের শাকিলা আক্তার ও মো. জাকের ইসলাম। আদালতের আদেশে আজ বুধবার তাঁদের সে অপেক্ষার অবসান ঘটল। নবজাতক ‘একুশ’কে লালন-পালনের ভার পেয়েছেন তাঁরা। ‘একুশ’ও তার জন্মের ৩৭ দিন পর মা-বাবা পেল।
আজ বুধবার বেলা সোয়া তিনটায় নবজাতক একুশকে শাকিলা দম্পতির জিম্মায় দেওয়ার আদেশ দেন চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ (মহানগর শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস। আদেশে আদালত শিশুটিকে পেতে কয়েকটি শর্তও দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ ফয়েজ সাংবাদিকদের বলেন, যাঁরা শিশুটিকে পেয়েছেন, আদালত তাঁদের আগামী ৫ এপ্রিলের মধ্যে শিশুটির নামে ১০ লাখ টাকার শিক্ষাবিমা করার নির্দেশ দিয়েছেন। শিক্ষাবিমা করার কাগজ আদালতে দাখিলের পর তাঁরা শিশুটিকে জিম্মায় নিতে পারবেন। আদালত আরও বলেছেন, ১৮ বছর পূর্ণ হওয়ার আগে যদি শিশুটির প্রকৃত মা-বাবা প্রমাণসাপেক্ষে তাকে চায়, তাহলে শিশুটিকে ফেরত দিতে হবে।
এদিকে আদালতের আদেশের পর খুশিতে কাঁদতে শুরু করেন শাকিলা আক্তার। তাঁর স্বামীর মুখে তখন বিশ্বজয়ের আনন্দ। শাকিলা আক্তার গৃহিণী। তাঁর স্বামী মো. জাকের ইসলাম পেশায় চিকিৎসক। শাকিলা আক্তার সাংবাদিকদের বলেন, ‘এত দিন একটি সন্তানের অপেক্ষায় ছিলাম। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। তিনি আমার কপালে আদালতের মাধ্যমেই সন্তান প্রাপ্তি লিখে রেখেছিলেন।’
নবজাতক একুশকে সন্তান হিসেবে লালন-পালনের ভার পেতে ১৬ জন আবেদন করেছিলেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ১২ জনের আবেদনের ওপর শুনানি হয়। বাকি চারজন অনুপস্থিত ছিলেন। গত ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার একটি ময়লার স্তূপে পাওয়া যায় শিশুটিকে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।