ঠিকানাহীন ধানমন্ডি কলেজে একাদশে ভর্তি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঠিকানাহীন ধানমন্ডি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে ওই কলেজে ভর্তি হওয়া ১১ জন শিক্ষার্থীকে অন্য কলেজে ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এ জন্য তাদের নতুন করে আবেদন করতে হবে।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন গতকাল সোমবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়ে বলেন, গত রোববার ওই ১১ জন শিক্ষার্থীকে মুঠোফোনে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তাদের ভর্তির টাকা ফেরত দিতে ওই কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকায় ধানমন্ডি কলেজ নামের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ১০৬ জনকে মনোনীত করে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডে এই কলেজের ঠিকানা দেওয়া আছে ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ি। তবে প্রথম আলোর পক্ষ থেকে ওই ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো কলেজই নেই। এই কলেজের পক্ষে ভর্তির কার্যক্রম চলে গ্রিন রোডে ‘থ্রি ডক্টরস’ নামের কোচিং সেন্টারে।
ঢাকা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক অদ্বৈত কুমার রায় বলেন, সরেজমিনে তদন্তে ওই ঠিকানায় কোনো কলেজ পাওয়া যায়নি। এরপর ভর্তি বাতিলের সিদ্ধান্ত হয়। তিনি বলেন, এই কলেজের শিক্ষার্থীরা ১৩ থেকে ২১ জুলাইয়ের মধ্যে নতুন করে আবেদন করে ভর্তির সুযোগ পাবে।
ঢাকা বোর্ড কার্যালয়ে এখনো শিক্ষার্থীদের ভিড়: তৃতীয় মেধাতালিকা প্রকাশের পরও একাদশ শ্রেণিতে ভর্তির বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীরা ভিড় করছেন রাজধানীর বকশীবাজারে ঢাকা বোর্ডের কার্যালয়ে। গতকাল ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শকের কক্ষে গিয়ে দেখা যায়, বেশির ভাগ শিক্ষার্থী আসছে ভর্তি বাতিল করতে। প্রায় দুই ঘণ্টায় ৪০ জনের মতো শিক্ষার্থী-অভিভাবক ওই কক্ষে যান।
নরসিংদী থেকে সেখানে আসা দুই শিক্ষার্থী জানায়, নরসিংদীর একটি কলেজ তাদের না জানিয়েই ভর্তির নিশ্চিত করে ঢাকা বোর্ডে তথ্য পাঠায়। ফলে তারা অন্য কোনো কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারছে না।