ঠুনকো বিষয়ে নারী নির্যাতন মামলা, অধিকাংশই খারিজ
বরগুনায় যৌতুক ও নারী নির্যাতনের বেশির ভাগ মামলা খারিজ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, নারী নির্যাতন দমন আইনের অপব্যবহারের কারণে বেশির ভাগ ক্ষেত্রে মামলার সত্যতা প্রমাণে ব্যর্থ হচ্ছেন ভুক্তভোগীরা। অনেকে ঠুনকো বিষয় নিয়ে মামলা ঠুকে দিয়ে আইনটির অপব্যবহার করছেন।জেলা জজ আদালত ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে জেলায় যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে ৮০৩টি মামলা হয়েছে। এর মধ্যে নারী নির্যাতনের অভিযোগে ২০৪টি এবং যৌতুক দাবির অভিযোগে ৫৯৯টি মামলা হয়েছে। একইভাবে ২০১১ সালের প্রথম ১০ মাসে নারী নির্যাতনসংক্রান্ত মামলার সংখ্যা ছিল ৬৫১টি। ওই বছর দায়ের হওয়া অধিকাংশ মামলার অভিযোগ যথেষ্ট তথ্য-প্রমাণের অভাবে আদালতে প্রমাণিত হয়নি। অল্পকিছু মামলা স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।আইনজীবীরা জানান, দেশের প্রচলিত আইনে অপরাধ ছোট-বড় যা-ই হোক, সব অপরাধের ক্ষেত্রেই বিচার পাওয়ার অধিকার রয়েছে ভুক্তভোগীর। কিন্তু ভুক্তভোগীরা মনে করেন, আসল ঘটনা আরজিতে উপস্থাপন করলে মামলার গুরুত্ব কমে যায়। কাঙ্ক্ষিত বিচার পাওয়া যায় না। এই মনোভাব থেকে মামলা করার সময় ভুক্তভোগীরা গুরুত্ব বাড়াতে প্রকৃত ঘটনার বাইরে অনেক অসত্য তথ্য আরজিতে উল্লেখ করেন। অসত্য এসব তথ্য তদন্ত এবং সাক্ষ্য-প্রমাণে অসাড় প্রমাণিত হয়। এ ছাড়া খুঁটিনাটি ঘটনায়ও মামলা করায় নারী নির্যাতন মামলা সম্পর্কে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে।জেলা জজ আদালতের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, নারী নির্যাতন দমন আইনটি কঠোর হওয়ায় এখন সামান্য পারিবারিক মতবিরোধের ঘটনায়ও মামলা ঠুকে দেওয়ার প্রবণতা বেড়েছে। এ ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের সমঝোতাপূর্ণ মনোভাবের অভাবকে দায়ী করেন তিনি। আইনজীবী দারুল ইসলাম বলেন, পারিবারিক ক্ষেত্রে সমঝোতার মনোভাব কমে যাওয়ায় নারী নির্যাতন মামলার সংখ্যা বাড়ছে। এটা আমাদের সামাজিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। পারিবারিক বন্ধন হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আবার আইনের কঠোরতার সুযোগ নিতে প্রতিপক্ষকে ঘায়েল করতেও এই আইনে অনেক মামলা হচ্ছে।বরগুনা সদর উপজেলার বাইশতবক গ্রামের এক যুবক ভালোবেসে একই গ্রামের একটি মেয়েকে ২০০৯ সালের শুরুর দিকে বিয়ে করেন। মেয়ের মা যুবকের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে অপহরণ মামলা করেন। পরে মেয়েটি তাঁর বাবার বাড়িতে যান এবং এক-দেড় মাস পর ফের স্বামীর বাড়িতে আসেন। মেয়ের মা দ্বিতীয় দফা একই আদালতে আরেকটি অপহরণ মামলা করেন। দ্বিতীয়বারের মামলাটি বিচারক তদন্তের জন্য একজন আইনজীবীকে দায়িত্ব দিলে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে মামলাটি খারিজ করে দেন আদালত।ওই যুবক আক্ষেপ করে বলেন, ‘এখন আমরা সংসার করছি। আমাদের ঘরে ফুটফুটে একটি বাচ্চা এসেছে। কিন্তু এখনো প্রথম দায়ের করা অপহরণ মামলায় আমাকে হাজিরা দিতে হচ্ছে।’বরগুনা সদরের আয়লা-পাতাকাটা গ্রামের একটি কিন্ডারগার্টেনের এক শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গত ২৬ আগস্ট এক নারী মামলা করেন। ওই নারীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। আদালত মামলাটি তদন্তের জন্য এক আইনজীবীকে দায়িত্ব দেন। তদন্তে প্রমাণ হয়, বাদী ওই বিদ্যালয়েরই শিক্ষক ছিলেন। তাঁকে অসদাচরণের কারণে বরখাস্ত করলে তিনি ক্ষুব্ধ হয়ে মামলাটি করেন।বরগুনা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগম বলেন, বরগুনায় নারী নির্যাতন ও যৌতুকসংক্রান্ত মামলার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান হোসনে আরা বলেন, যৌতুক ও নারী নির্যাতন মামলার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে অনেক মামলা হয়রানির উদ্দেশ্যে করা হচ্ছে এমন অভিযোগও আছে।বরগুনার সহকারী পুলিশ সুপার এইচ এম আজিমুল হক বলেন, অধিকাংশ নারী নির্যাতন মামলাই আদালত থেকে থানায় তদন্তের জন্য দেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে অনেক মামলায় অভিযোগের সত্যতা পাওয়া যায় না। এ প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।