ঠেকা দিয়ে রাখা হয় পশুপাখি

রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় প্রদর্শনীর জন্য রাখা বাঘ, সিংহ, হায়েনা ও উট মারা গেছে অনেক আগেই। নতুন করে ওই সব প্রাণী আর চিড়িয়াখানায় আনা হয়নি। একটি মেছো বাঘ ছিল। পালিয়ে গিয়েছিল। জনগণ সেটি পিটিয়ে হত্যা করেছে। এবার একটি অজগরও পালিয়ে গেছে। তদন্ত কমিটি করে পাঁচ দিন ধরে সেটি খোঁজা হচ্ছে। কিন্তু পাওয়া যাচ্ছে না।
কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাটি রাজশাহী সিটি করপোরেশনের অধীনে পরিচালিত। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এটি আধুনিকায়নের জন্য ২০১০ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এই খাতে এ পর্যন্ত প্রায় ২৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে সীমানাপ্রাচীর করা হয়েছে। তৈরি করা হয়েছে বাঘ, ভালুক, সিংহ, বানর, গাধা ও হরিণের খাঁচা এবং ভেতরে হাঁটার পথ। কিন্তু বাঘ, সিংহের খাঁচাগুলো খালি পড়ে রয়েছে। আবার যে খাঁচাগুলোতে প্রাণী রয়েছে সেগুলো জরাজীর্ণ হয়ে গেছে। এ রকম একটি খাঁচা থেকেই অজগরটি পালিয়েছে।
চিড়িয়াখানার কয়েকজন কর্মচারী জানান, এই খাঁচাগুলো ১৯৭৭ সালের দিকে নির্মাণ করা। কোনো রকমে ঠেকা দিয়ে প্রাণীগুলো রাখা হয়েছে। বিষয়টির প্রতি চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজর নেই বললেই চলে। ২৩ এপ্রিল খাঁচা থেকে একটি অজগর পালিয়ে যায়। সকালে খাঁচার পাশেই একটি গর্তে এটিকে পাওয়া যায়। তত্ত্বাবধায়ক আবদুল খালেক বলেন, অজগরের খাঁচায় একটি ভাঙা জায়গা ছিল। সেদিক দিয়েই হয়তো এটি পালিয়েছিল। এরপর সেদিনই তিনি ইট-সিমেন্ট দিয়ে ভাঙা জায়গাটি ঠিক করে দেন। কিন্তু পরের দিন সকালে এসে দেখেন, আবার অজগরটি নেই। তাঁর ধারণা, জরাজীর্ণ খাঁচার আরেক পাশ দিয়ে হয়তো এটি পালিয়েছে।
এ ঘটনায় চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। আবদুল খালেকও কমিটির একজন সদস্য। তিনি বলেন, অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে। কিন্তু অজগরটি পাওয়া যাচ্ছে না। সাপুড়ে নাকি গন্ধ শুঁকে বলতে পারে। তাই এমন একজন সাপুড়ে ডেকে আনা হয়েছে। আবদুল খালেক জানান, সাপ উদ্ধার ও জরুরি ভিত্তিতে খাঁচা সংস্কারের জন্য নয় সদস্যের অপর একটি কমিটি করা হয়েছে।
চিড়িয়াখানা সূত্র জানায়, একসময় চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হায়েনা, উট ও ২২টি বিদেশি গরু ছিল। গরুগুলো পাঁচ বছরের মধ্যে বিক্রি করা হয়েছে। অন্য প্রাণীগুলো মারা গেছে। এখন একটি ভালুক, কয়েকটি বানর, হরিণ, কিছু পাখি, একটি অজগর আর গাধা ছাড়া কিছুই নেই।
গতকাল মঙ্গলবার দুপুরে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, পুরাতন খাঁচাগুলোতেই এখনো সাদা ময়ূর, একটি অজগর ও অন্যান্য প্রাণী রাখা হয়েছে। যে খাঁচা থেকে অজগরটি পালিয়ে গেছে, সেই খাঁচার সামনের ভাঙা জায়গাটি কয়েকটি ইট দিয়ে নতুন করে প্লাস্টার করে দেওয়া হয়েছে। অজগরটি খুঁজতে গিয়ে খাঁচার পেছনের জঙ্গল কেটে ফেলা হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ২০১০ সালে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, আর্থিক অনটনের কারণে সেটি শেষ করা যায়নি। আরও প্রায় তিন কোটি টাকা হলে বাকি কাজগুলো শেষ করা যাবে।