সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রবাসীদের বাড়িতে প্রায় রাতেই ডাকাতি হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। ডাকাতদের সঙ্গে এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে। গ্রামবাসী পাহারা দিয়েও ডাকাতি প্রতিরোধ করতে না পেরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনা বেড়েই চলছে। ডাকাতেরা বেছে বেছে প্রবাসীদের বাড়িতে হানা দিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ অনেক কিছুই লুট করে নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ডাকাতদের মারধরেরও শিকার হচ্ছেন প্রবাসীরা।ঢাকা দক্ষিণ পুরকায়স্থপাড়া এলাকার প্রবাসী পরিবারের সদস্য নাছির উদ্দিন দাবি করেন, তাঁর পরিবারের সদস্যদের অনেকেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রপ্রবাসী। ৪ সেপ্টেম্বর রাত দুইটার দিকে ১০-১২ জনের ডাকাত দল তাঁর ঘরে ঢুকে বন্দুক ও ধারালো দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ কম্পিউটারসহ প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি আরব প্রবাসী বলেন, ‘ভাই, পত্রিকায় নামটা ছাপাবেন না। শেষে দেখবেন এ বক্তব্য পড়ে ডাকাতেরা আমার বাড়িতেই এসে হামলা চালাবে। কিছু দিন আগে বাড়িতে এসেছি। কিন্তু চারপাশের গ্রামের ডাকাতির খবর পেয়ে ভয়ে ভয়ে থাকি। মনে হয়, এই বুঝি ডাকাতেরা আসছে।’যুক্তরাজ্য-প্রবাসী উপজেলা সদরের বাসিন্দা আরেক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা প্রবাসীরা অনেক কষ্টে টাকা রোজগার করে দেশে পাঠাই। এতে করে দেশের অর্থনৈতিক শক্তিও চাঙা হচ্ছে। কিন্তু সরকার আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে কোথায়?’স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, জুলাই মাস থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত গোলাপগঞ্জ থানায় সাতটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এসব ডাকাতির সবগুলোই প্রবাসীদের বাড়িতে সংঘটিত হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় ডাকাতির ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পুলিশকে জানায় না বলেও থানার পুলিশ জানিয়েছে। ফলে সেসব পরিসংখ্যান অনেকটা অজানা থেকে যাচ্ছে।লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছিরুল হক শাহীন বলেন, ‘গত কয়েক মাসে আমার ইউনিয়নে বেশ কতগুলো ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রায় সব কটিই প্রবাসীদের বাড়িতে। গত মাসে আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ডাকাতির পরপর পুলিশের কিছু তৎ পরতা চোখে পড়লেও একসময় তা স্তিমিত হয়ে পড়ে। আমি মনে করি পুলিশকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে, টহলের পরিমাণ বাড়াতে হবে।’গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ১৫ দিন আগে তিনি গোলাপগঞ্জ থানায় যোগদান করেছেন। এ সময়ের মধ্যে মাত্র একজন প্রবাসীর বাড়িতে ‘চুরির’ ঘটনা ঘটেছে। তাঁর সময়ের মধ্যে প্রবাসী কিংবা সাধারণ মানুষের বাড়িতে যাতে কোনো ধরনের ডাকাতি সংঘটিত না হয় সেদিকে তিনি কঠোর লক্ষ্য রাখবেন। সিলেটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসাইন প্রথম আলোকে বলেন, পুলিশের অনুসন্ধানে দেখা গেছে প্রধানত দুটি কারণে প্রবাসীদের বাড়িতে ডাকাতি সংঘটিত হচ্ছে। প্রথমত, প্রবাসীরা দেশের বাইরে থাকায় নিজেদের বাড়িতে একজন তত্ত্বাবধায়ক রেখে যাচ্ছেন। পরে যখন প্রবাসীরা বাড়ি ফিরছেন তখন ওই বিষয়টি ডাকাতেরা তত্ত্বাবধায়কের মাধ্যমে অতি সহজেই পেয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তত্ত্বাবধায়কের সঙ্গে ডাকাতদের যোগসাজশে ডাকাতির ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, অনেক প্রবাসীর সঙ্গে পাড়া-প্রতিবেশীদের পূর্ব বিরোধ ও শত্রুতা রয়েছে। এর কারণ থেকেও আবার প্রতিবেশীদের যোগসাজশে প্রবাসীদের বাড়িতে ডাকাতি হচ্ছে।পুলিশ সুপার আরও বলেন, পুলিশ আন্তরিকভাবে প্রবাসীদের নিরাপত্তা দিতে আগ্রহী। এ ক্ষেত্রে প্রবাসীরা দেশে আসার পরই যদি স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেন তাহলে সেসব এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ রয়েছে।