ঠেকায় না পড়লে কেউ যায় না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইওরপুল-টিলাগড়, আম্বরখানা-লাক্কাতুরা, আম্বরখানা-কুমারগাঁও এই তিন সড়কে ঠেকায় না পড়লে কেউ যেতে চায় না। যাদের কোনো উপায় থাকে না, তারা বাড়তি ভাড়ার ‘লোভ’ দেখিয়েও রিকশা বা সিএনজিচালককে ওই তিন পথে যেতে রাজি করাতে হিমশিম খান।
ভুক্তভোগী যাত্রী, পরিবহনচালক ও রিকশাশ্রমিকেরা বলছেন, দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সিলেট নগরের গুরুত্বপূর্ণ এই তিন সড়ক যেন এখন ‘সড়কের কঙ্কালে’ পরিণত হয়েছে। তাই তাঁরা ওই তিন সড়ক এড়িয়ে চলার চেষ্টা করেন।
সিলেট শহর থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় যাতায়াতের জন্যও নাইওরপুল-টিলাগড় সড়ক ব্যবহার করতে হয়। এ ছাড়া এ সড়ক দিয়েই দেশের সর্ববৃহৎ কয়লা আমদানিস্থল তামাবিল এবং পর্যটন স্পট জাফলং যেতে হয়।
অপর দিকে, আম্বরখানা-লাক্কাতুরা সড়ক দিয়ে দেশের সর্ববৃহৎ পাথরকোয়ারি ভোলাগঞ্জ এবং পর্যটন স্পট রাতারগুল যেতে হয়। একইভাবে সিলেট শহর থেকে সুনামগঞ্জ জেলা শহরসহ ১১টি উপজেলায় যেতে হলে আম্বরখানা-কুমারগাঁও সড়ক ব্যবহার করতে হয়। কিন্তু তিন সড়কের বেহাল অবস্থার কারণে কয়েক লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরিবহনচালকেরা বলছেন, তিন সড়কের শহরের অংশের প্রায় পুরোটাই ছোট-বড় অসংখ্য খানাখন্দে ভরা। পিচ ক্ষয়ে গেছে বহু আগে। ইট ও পাথরের খোয়া বেরিয়ে গেছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। ভাঙাচোরা সড়কের কারণে ধীরগতিতে চলে গাড়ি। এতে ‘স্থায়ী’ যানজট লেগে থাকে। সড়কের গর্তে পড়ে গিয়ে প্রায়ই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী এনামুল হাবীব বলেন, তিনটি সড়কই সওজ কর্তৃপক্ষের। এসব সড়কের বেহাল অবস্থার বিষয়টি জানিয়ে সংস্কারের জন্য সিটি করপোরেশন একাধিকবার সওজকে বলেছে।
সরেজমিন তিনটি সড়ক ঘুরে এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাইওরপুল-টিলাগড় সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। প্রকৌশলীরা বলছেন, গত দুই বছরে সড়ক তিনটিতে স্থায়ী কোনো সংস্কার হয়নি। বিভিন্ন সময় জোড়াতালির সংস্কার হওয়ায় সড়কের অবস্থা এতটা খারাপ হয়েছে।
সেনপাড়া এলাকার বাসিন্দা খায়রুল হক বলেন, মাঝেমধ্যে বালু-পাথর ফেলে সামান্য কিছু সংস্কারকাজ করা ছাড়া এই সড়কে গত দুই বছরে আর কোনো সংস্কার হয়নি। মানুষ জরুরি প্রয়োজন ছাড়া এখন আর এ সড়ক দিয়ে যাতায়াত করতে চায় না।
সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে গতকাল সিলেটে আসা আইনুল ইসলাম বলেন, ‘শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামার পর একটি সিএনজি অটোরিকশায় উঠি। এরপর প্রায় এক কিলোমিটার এলাকার ঝাঁকুনি খেতে খেতে নগরের বন্দরবাজার এলাকায় পৌঁছি। এই যদি হয় একটি বিভাগীয় শহরের অবস্থা, তাহলে কী বলব আর।’
সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, নাইওরপুল-টিলাগড় সড়কসহ নগরের ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের জন্য গত ১২ নভেম্বর সওজ কার্যালয়ে বৈঠক হয়। এতে সংস্কারকাজ শুরু করতে দরপত্র আহ্বান এবং কাজ শুরু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
এ ব্যাপারে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুম থাকায় স্থায়ীভাবে সড়কগুলো সংস্কার করা যায়নি। তবে এখন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নগরের সড়কগুলো সংস্কার করতে ১২ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাস দুয়েকের মধ্যেই অনুমোদন-প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে।