ঠেকিয়ে রাখা হয়েছে ছাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় ৪৪ বছরের পুরোনো সাব-রেজিস্ট্রি অফিসের দোতলা ভবনের দেয়াল, ছাদ ও বিভিন্ন পিলারে ফাটল ধরেছে।অফিসের নকলনবিশ ডলি রানী বলেন, ‘ছোট্ট জায়গায় এমনিতেই কর্মকর্তা-কর্মচারীদের জায়গা হয় না, তার ওপর আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। এখানকার স্টোররুমের অবস্থাও করুণ। এখানে রাখা মূল্যবান দলিলপত্র নষ্ট হয়ে যাচ্ছে।’উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হারুন অর রশিদ খান বলেন, ভাঙাচোরা অবস্থা ও জায়গা না থাকায় জমি কেনাবেচা করতে আসা মানুষকে অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।গত রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, দোতলার বিভিন্ন কক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। একটি কক্ষে কাঠের খুঁটি দিয়ে ছাদের ফাটল ধরা বিম ঠেকিয়ে রাখা হয়েছে।জেলা রেজিস্ট্রারের অফিস সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে আমতলী উপজেলা শহরে এক একর ৫৪ শতাংশ জমিতে চার কক্ষের একতলা সাব-রেজিস্ট্রি অফিস স্থাপন করা হয়। পরে ১৯৮৪-৮৫ সালে এই ভবনের ওপর আরও চারটি কক্ষ নির্মাণ করা হয়। আমতলী সাব-রেজিস্ট্রি অফিসের পেশকার আ. গণি জানান, দোতলার নির্মাণকাজ নিম্নমানের হওয়ায় কিছুদিন যেতে না যেতেই একটু বৃষ্টি হলেই দোতলার ছাদ চুইয়ে পানি পড়া এবং বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়তে শুরু করে। এ পর্যায়ে ১৯৮৬ সালে ও ১৯৯৯ সালে ভবনটি মেরামতের জন্য সাব-রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ দুবার আবেদন করে। কিন্তু গণপূর্ত বিভাগ ভবনটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় সাব-রেজিস্ট্রার গত ৯ মার্চ আইজিআরকে (মহাপরিদর্শক নিবন্ধন) বিস্তারিত পরিস্থিতি জানিয়ে চিঠি দিয়েছেন।জেলা রেজিস্ট্রার নূরুল ইসলাম বলেন, এ বছরের মে মাসে আইজিআর (মহাপরিদর্শক নিবন্ধন) মুনশি নজরুল ইসলাম জেলার সবচেয়ে বেশি রাজস্ব আয়ের উৎস আমতলী সাব-রেজিস্ট্রি অফিসের জীর্ণদশা পরিদর্শন করে গেছেন। রাজস্ব খাতের অর্থায়নে এ বিভাগের যাবতীয় নির্মাণকাজ করে থাকে গণপূর্ত বিভাগ। তাদের বারবার অনুরোধ করা হলেও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি গত বৃহস্পতিবার বদলি হয়ে এখানে এসেছেন। তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।তবে বিভাগের প্রধান সহকারী ওয়ালি উল্লাহ বলেন, ‘আমতলী সাব-রেজিস্ট্রি অফিসের ভবন মেরামত, সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণের খসড়া এ বছরের এপ্রিল মাসে আইজিআর (মহাপরিদর্শক নিবন্ধন) বরাবর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু করা হবে।’