ঠেঙ্গারচর আগে বসবাসের উপযোগী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।  গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজারের উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, নোয়াখালীর হাতিয়ার ঠেঙ্গারচর বা অন্য কোথাও রোহিঙ্গাদের স্থানান্তর করার আগে ওই জায়গা বসবাসের উপযোগী করতে হবে। সেখানে যেন রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘিত না হয়, তা বিবেচনায় রাখতে হবে। কক্সবাজারের উখিয়া উপজেলার তিনটি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সরকার মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল দেশের পক্ষে এই চাপ সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠছে। রোহিঙ্গাদের বেঁচে থাকার জন্য প্রাথমিকভাবে যা করা প্রয়োজন, আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় সরকার তা-ই করেছে। কিন্তু এই সহায়তা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সরকার আন্তর্জাতিকভাবে দেনদরবার করে যেসব দেশের আয়তন বড়, সেসব দেশে রোহিঙ্গাদের ‘থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট’ (তৃতীয় কোনো দেশে পুনর্বাসন) করতে পারে। হতে পারে তা কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি বা ইউরোপ।
কাজী রিয়াজুল হক বলেন, মিয়ানমারের সেনবাহিনী ও পুলিশ রোহিঙ্গাদের নির্যাতন করছে, এটি অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। ‘বাঙালি’ হিসেবে আখ্যায়িত করে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন করছে মিয়ানমার সরকার। বাংলাদেশ সরকারের উচিত বিশ্ব জনমত সৃষ্টি করে মিয়ানমারকে বাধ্য করা, যাতে রোহিঙ্গারা সে দেশে নাগরিকত্ব পায়।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়ার কুতুপালংয়ের নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা শিবির এবং বালুখালীর অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন কাজী রিয়াজুল হক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য মেঘনা গুহঠাকুরতা। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতন অবশ্যই গণহত্যার শামিল। সবার উচিত এর কড়া প্রতিবাদ করা।
কুতুপালং অনিবন্ধিত শিবির পরিদর্শনের সময় রোহিঙ্গা নারী মমতাজ বেগম (২৭) মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলেন, দেড় মাস আগে মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার থেকে পালিয়ে এই শিবিরে আশ্রয় নেন। মিয়ানমারের পুলিশ চোখের সামনে তাঁর বাবাকে বাড়িতে পুড়িয়ে হত্যা করে। স্বামীকে ধরে নিয়ে যায়। ছোট মেয়েকেও আগুনে নিক্ষেপ করেছিল।