ঠেঙ্গারচর ও স্বর্ণদ্বীপ সন্দ্বীপের সীমানায় অন্তর্ভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপের পশ্চিমে জেগে ওঠা সব চর (ঠেঙ্গারচর, স্বর্ণদ্বীপসহ) সন্দ্বীপের সীমানায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ‘সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটি’ নামের একটি সংগঠন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সামনের এ কর্মসূচিতে সন্দ্বীপের শতাধিক বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৪ সালের সংশোধিত জরিপ অনুযায়ী সন্দ্বীপের আয়তন ১ হাজার ৮ বর্গমাইল। সে অনুযায়ী সন্দ্বীপের উত্তরে এবং পশ্চিমে মেঘনা নদীর কোলে জেগে ওঠা উড়িরচরের সম্পূর্ণ অংশ, স্বর্ণদ্বীপ, ঠেঙ্গারচরসহ সব চর সন্দ্বীপ উপজেলার আওতাভুক্ত।

সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের নেতা শাহেদ সরোয়ার, জেলা যুবদলের সহসভাপতি ফোরকান উদ্দিন প্রমুখ।

রাজিবুল আহসান বলেন, চরের এক ইঞ্চিও কাউকে ছাড় দেওয়া হবে না।

কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী বলেন, গত বছরের ২ মার্চ ভূমি মন্ত্রণালয়ের বৈঠকে তিন মাসের মধ্যে ১৯১৩ সালের সিএস অনুসারে সন্দ্বীপের সীমানা নির্ধারণ করার সিদ্ধান্ত হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।