ঠেঙ্গারচরকে সন্দ্বীপের সীমানায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠেঙ্গারচর নোয়াখালীর হাতিয়ার অংশ নয়। এটি আড়াই যুগ আগে বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাওয়া চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ‘ন্যায়ামস্তি ইউনিয়নের’ অংশ। নতুন করে জেগে ওঠা এই চরের ওপর শুধু সন্দ্বীপবাসীরই অধিকার আছে। অবিলম্বে একে সন্দ্বীপের সীমানায় অন্তর্ভুক্ত করতে হবে।
গতকাল মঙ্গলবার ঠেঙ্গারচরে ও সন্দ্বীপের উপকূলীয় তিনটি ইউনিয়নে আয়োজিত বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এই দাবি করেন।
গতকাল সকালে প্রথমে সন্দ্বীপের উপকূলীয় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এই কর্মসূচিতে আজিমপুর, মাইটভাঙা ও সারিকাইত ইউনিয়নের ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও আজিমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়, সাউথ সন্দ্বীপ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সামসুদ্দিন, মাইটভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অংশ নেন।
মানববন্ধন শেষে ২০টি ইঞ্জিনচালিত নৌকায় চেপে এক হাজারের বেশি মানুষ ঠেঙ্গারচরে যান। বেলা তিনটায় ঠেঙ্গারচরে মানববন্ধনের আয়োজন করে ‘জেগে ওঠা ভূমি রক্ষা পরিষদ’। মানববন্ধনে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এসব ব্যানার-ফেস্টুনে ঠেঙ্গারচরকে সন্দ্বীপের সীমানায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে জেগে ওঠা ভূমি রক্ষা পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ঠেঙ্গারচর সন্দ্বীপের পশ্চিমে সাগরের ভাঙনে বিলুপ্ত হওয়া ন্যায়ামস্তি ইউনিয়নের অংশ। এই চর সন্দ্বীপের অংশ। সন্দ্বীপ থেকে আধঘণ্টায় ইঞ্জিনচালিত নৌকায় ঠেঙ্গারচরে আসা যায়। অথচ হাতিয়া থেকে এখানে আসতে সময় লাগে দুই ঘণ্টার বেশি। এ চরকে কেন হাতিয়ার অংশ বলা হয়, তা বোধগম্য নয়।
পরিষদের সদস্য ফখরুল ইসলাম বলেন, ঠেঙ্গারচরকে হাতিয়ার অংশ বলার অর্থ সন্দ্বীপের ভূমিহারা মানুষকে বঞ্চিত করা।
সন্দ্বীপের প্রবীণ বাসিন্দা গোলাম তোয়াহা বলেন, সন্দ্বীপের সবচেয়ে বড় ইউনিয়ন ‘ন্যায়ামস্তি’ ১৯৫৩ সাল থেকে সমুদ্রের ভাঙনের শিকার হয়। ১৯৯১ ঘূর্ণিঝড়ে চূড়ান্তভাবে বিলীন হয়ে যায় ইউনিয়নটি। এই ইউনিয়নে হাজার হাজার মানুষের বসবাস ছিল। এখন সেখানে ঠেঙ্গারচর জেগে উঠেছে।
মানববন্ধন শেষে সন্দ্বীপের জেগে ওঠা ভূমি রক্ষা পরিষদের আহ্বায়ক ও মাইটভাঙা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, সদস্যসচিব সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ উল্লাহ ঠেঙ্গারচরে ন্যায়ামস্তি ইউনিয়নের সাইনবোর্ড স্থাপন করেন।