ঠেঙ্গারচরে বসবাসের উপযোগী পরিবেশ চান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, রোহিঙ্গারা আশ্রয়শিবিরে মানবেতর জীবন যাপন করছে। তাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করার আগে সেখানে বসবাস উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। অর্থাৎ অন্যত্র সরানোর আগে সেখানে সব ধরনের মানবাধিকার নিশ্চিত করতে হবে।
কক্সবাজারের উখিয়া উপজেলায় আজ শনিবার পৃথক তিনটি রোহিঙ্গাশিবির পরিদর্শন শেষে এ দাবি করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
আজ শিবিরগুলো পরিদর্শনের সময় কাজী রিয়াজুল হক অন্তত ৪৫ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সে দেশের সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন ও দমনপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে নির্যাতনের বর্ণনা শুনে হতবাক হন তিনি।
রোহিঙ্গাশিবির পরিদর্শন শেষে কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ তৈরিতে জনমত গড়ে তুলতে হবে। বর্তমানে শিবিরগুলোতে রোহিঙ্গারা কষ্টে দিন অতিবাহিত করছে।
আজ সকাল ১০টার দিকে কমিশন চেয়ারম্যান উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত অনিবন্ধিত ও নিবন্ধিত দুটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখান থেকে দুপুর ১২টার দিকে যান উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গাশিবিরে।
মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে কমিশন চেয়ারম্যানের এই পরিদর্শন।
কুতুপালং অনিবন্ধিত শিবির পরিদর্শনের সময় নির্যাতিত রোহিঙ্গা নারী মমতাজ বেগম (২৭) কমিশন চেয়ারম্যানকে বলেন, তিনি দেড় মাস আগে মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার থেকে পালিয়ে এই শিবিরে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের পুলিশ চোখের সামনে তাঁর বাবাকে বাড়িতে পুড়িয়ে হত্যা করে। স্বামীকে ধরে নিয়ে যায়। তাঁর ছোট মেয়েকেও আগুনে নিক্ষেপ করেছিল। কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গেছে।
১৫ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী বলে, টানা এক মাস রাখাইন রাজ্যের সেনাসদস্যরা বাড়িতে এসে তাকে ধর্ষণ করেছে। একপর্যায়ে তার চোখের সামনে তার মাকেও ধর্ষণ করে হত্যা করে সেনারা। তাঁর দুই ভাই ও বাবাকে ধরে নিয়ে গেছে। এরপর নির্যাতন সহ্য করতে না পেরে সে বাংলাদেশে পালিয়ে আসে।
রাখাইন রাজ্যের মংডুর উত্তরে রাহাইম্মু ঘোনা থেকে পালিয়ে এসেছে সেতেরা বেগম (৯) নামে এক শিশু। সে কমিশন চেয়ারম্যানকে বলে, চোখের সামনে তাঁর চার ভাই ও বাবাকে মেরে ফেলেছে। পালিয়ে আসার সময় মাকেও ধরে নিয়ে গেছে মিয়ানমারের পুলিশ। পরে অন্যদের সঙ্গে সে বাংলাদেশে চলে আসে। এখানে মানবেতর জীবন যাপন করছে সে।
রোহিঙ্গাদের কাছ থেকে বর্ণনা শোনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘মিয়ানমারের মিলিটারি ও পুলিশ দ্বারা রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে, এটি অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। বাঙালি হিসেবে আখ্যায়িত করে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন করছে মিয়ানমার সরকার। বাংলাদেশ সরকারের উচিত বিশ্ব জনমত সৃষ্টি করে রোহিঙ্গাদের সে দেশে স্থায়ীভাবে নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকারকে বাধ্য করা।
রিয়াজুল হক বলেন, বাংলাদেশ সরকার মানবিক দিক বিবেচনা করে দেখেও না দেখার ভান করে রোহিঙ্গাদের দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে। রোহিঙ্গা চাপ শুধু আজকে নয়; দীর্ঘদিন ধরে বহন করছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের মতো এত জনবহুল দেশের পক্ষে এটা অসম্ভব হয়ে উঠছে। তারপরও মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের আশ্রয় দিচ্ছে। আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় তাদের প্রাথমিকভাবে বাঁচার জন্য যা প্রয়োজন, তা সহায়তা করছে। কিন্তু এই সহায়তা যথেষ্ট নয়।
কমিশন চেয়ারম্যান বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে দেনদরবার করে যেসব দেশের আয়তন বড় সেসব দেশে রোহিঙ্গাদের ‘থার্ট কান্ট্রি রিসেটেলমেন্ট’ করতে পারে। এ ক্ষেত্রে কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও ইউরোপ অন্যতম।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মেঘনা গুহ ঠাকুর বলেন, ‘আন্তর্জাতিক আইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতন অবশ্যই গণহত্যার শামিল। সবার উচিত এটার কড়া প্রতিবাদ করা।’
পরিদর্শনের সময় আন্তর্জাতিক এনজিও সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
আজ সন্ধ্যায় কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা কমিশন চেয়ারম্যানের।