ঠেঙ্গারচরে যাওয়ার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা!
মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরতে শুরু করেছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
গত চার দিনে ৯৪ জন রোহিঙ্গা নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে ফিরে গেছে। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২৯০ জন ফেরত গিয়েছিল।
রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনার কমিটির নেতারা দাবি করেছেন, ঠেঙ্গারচরে নিয়ে যাবে, এই ভয়ে রোহিঙ্গারা ক্যাম্প ও বাংলাদেশে ছেড়ে ভয়ে পালিয়ে পুনরায় মিয়ানমারে ফেরত যাচ্ছে।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ৩৮৪ জন স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছে। আজ শনিবার সন্ধ্যায় একটি নৌকায় করে ৩১ জন রোহিঙ্গা (১০ নারী, ৮ শিশু ও ১৩ পুরুষ) ফেরত গেছে। শিবিরে অবস্থানরত রোহিঙ্গারা যেতে চাইলে তাদের বাধা দেওয়া হচ্ছে না। তবে অনুপ্রবেশের চেষ্টা করলে প্রতিরোধ করা হবে।
বিজিবি সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমার সরকার সে দেশের রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের ঘোষণা দেয়। এরপর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার খবরে বহু রোহিঙ্গা টেকনাফ ও উখিয়া থেকে নিজ দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছে।
টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, এ শিবির থেকে জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত প্রায় দেড় হাজারের মতো রোহিঙ্গা মিয়ানমারে ফেরত গেছে। এ পর্যন্ত যারা ফেরত গেছে, তাদের অধিকাংশ গ্রামে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। পুনরায় ফেলে আসা জায়গা-জমি, ধন-সম্পদ ফেরত পাওয়ার আশায় ফিরে যাচ্ছে। আরও অনেকে এ ক্যাম্প থেকে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছে। তাদের একটি কথা, ঠেঙ্গারচরে পানিতে ডুবে মরার চেয়ে মিয়ানমারে ফিরে গিয়ে রাখাইনে গিয়ে মরা অনেক ভালো হবে।
উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, মিয়ানমারের নির্যাতিত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিল। কিন্তু এখান বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ওই সব আশ্রয়স্থান থেকে নোয়াখালীর ঠেঙ্গারচর এলাকায় পুনর্বাসন করার খবরে আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে ওই চরটি বসবাসের অনুপযোগীর কথা উল্লেখ করে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকে রোহিঙ্গারা আতঙ্কে বসবাস করে আসছে। এখন শিবিরগুলোতে গণনা শুরু হওয়ার পর থেকে রোহিঙ্গারা পুনরায় মিয়ানমারে ফেরত যাচ্ছে। এ পর্যন্ত এ দুটি শিবির থেকে প্রায় সাড়ে তিন হাজার ফেরত গেছে।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে যাতায়াতের এক দিন ও তিন দিনের সীমান্ত পাস এখনো বন্ধ থাকায় দুই দেশের যাত্রী পারাপার চালু হয়নি। মিয়ানমার-টেকনাফের মধ্যে এ দুটি ট্রানজিট পাস প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে।
গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তিনটি চৌকিতে সন্ত্রাসী হামলার পর থেকে অঘোষিতভাবে একদিন ও তিন দিনের সীমান্ত পাস দুটি বন্ধ রয়েছে।