ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শহর কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ঠেঙ্গারচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে তাদের পুনর্বাসনের পাশাপাশি জীবিকাও নিশ্চিত করা হবে। গতকাল রোববার কক্সবাজারে এক অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি।
মন্ত্রী বলেন, রোহিঙ্গার সমস্যা একটি মানবিক সংকট। মিয়ানমার সরকার যত দিন রোহিঙ্গাদের ফেরত নেবে না, তত দিন তাদের ঠেঙ্গারচরে মানবিক সহায়তা দেওয়া হবে।
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টায় একটি সড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। এখানে অতিরিক্ত কয়েক লাখ রোহিঙ্গার চাপ নানা ক্ষেত্রে সমস্যা ও সংকট সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি হয়েছে পড়েছে।
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মো. রুহুল কুদ্দুস, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রমুখ।
পরে মন্ত্রী কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশ পরিদর্শন করেন। তিনি বলেন, আগামী এপ্রিল মাসে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।