ঠেলাগাড়িতে ট্রান্সফরমার!
বিদ্যালয় ছুটি হলো। অভিভাবকদের হাত ধরে পথ চলছিল খুদে শিক্ষার্থীরা। এর মধ্যে একজন শিক্ষার্থী তার অভিভাবকের হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করতেই ‘এই খবরদার! ওই পাশ দিয়া না!’ বলে কড়া ভাষায় সতর্ক করলেন।বিদ্যালয়ে যাওয়া-আসার ক্ষেত্রে এ রকম সতর্কতা প্রায় দুই মাস ধরে চলছে। কারণ, রাস্তার একাংশে রয়েছে ২৫০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ভ্রাম্যমাণ বৈদ্যুতিক ট্রান্সফরমার। রেজিয়া বেগম নামের ওই অভিভাবক ওই ট্রান্সফরমার দেখিয়ে বলেন, ‘আমার ভয় তো একটাই। নিজের বাচ্চাদের আগলে রাখি, অন্যদেরও সতর্ক করে দিই।’সিলেট নগরের রায়নগর রাজবাড়ী এলাকার ‘গ্রিনবেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল’ নামের শিশু শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে একটি ঠেলাগাড়ির ওপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ওই ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে ঝুঁকিপূর্ণভাবে চালু রয়েছে। লাল পতাকাচিহ্নিত করা ছাড়া আর কোনো সতর্কতা না থাকায় পার্শ্ববর্তী বিদ্যালয় ও রাস্তার পথচারীরা নিজ দায়িত্বে এভাবেই সতর্কতার সঙ্গে পথ চলছে।এলাকাবাসী জানায়, শিবগঞ্জ-রায়নগর-রাজবাড়ী এলাকার জন্য ওই বিদ্যালয়ের পাশে দুটি খুঁটির মধ্যে একটি ট্রান্সফরমার ছিল। প্রায় দুই মাস আগে ওই ট্রান্সফরমারটি চুরি হলে বিদ্যুৎ বিভাগ তাদের নিজস্ব ঠেলাগাড়ি দিয়ে এই ট্রান্সফরমারটি নিয়ে আসে। কিন্তু বিদ্যুতের খুঁটিতে পুনঃস্থাপন করতে না পেরে এভাবেই ট্রান্সফরমারে বিদ্যুৎসংযোগ দিয়ে চলে যায়।ট্রান্সফরমারের পাশে একটি ওষুধের দোকানের মালিক তপন কুমার বলেন, ‘বিদ্যুৎ বিভাগ একটি ছোট্ট সাইনবোর্ড লাগিয়ে চলে গেছে। আমরা লাল পতাকা সাঁটিয়ে রেখেছি। এরপর বিদ্যালয় ছুটি হলে আমরা ভয়ে থাকি। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’রায়নগরের বাসিন্দা মিলন আহমেদ জানান, যখন ট্রান্সফরমারটি এভাবে পুনঃস্থাপন করা হয়েছিল, তখন ওই বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের চলাচলের কথা বলে বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তারা জানিয়েছিল, এটি ভ্রাম্যমাণ ট্রান্সফরমার। ওই এলাকার জন্য নতুন ট্রান্সফরমার বরাদ্দ এক সপ্তাহের মধ্যে আসবে। তখন এটি সরানো হবে।ঠেলাগাড়িতে এভাবে রাস্তায় ট্রান্সফরমার বসানো প্রসঙ্গে পিডিবির সিলেটের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য বিদ্যুৎ বিভাগের প্রচলিত একটি পদ্ধতি হচ্ছে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার বসানো। তবে ঠেলাগাড়ির ওপর এভাবে প্রায় দুই মাস থাকা অবশ্যই ঝুঁকিপূর্ণ।পিডিবির সিলেট-২-এর সহকারী প্রকৌশলী সোহেল রানা বলেন, একটি ট্রান্সফরমার চুরি বা নষ্ট হলে বরাদ্দ পেতে সময় লাগে। এলাকাবাসীর অসুবিধার কথা চিন্তা করে ঠেলাগাড়িতে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি বসানো হয়েছে। কবে নাগাদ নতুন ট্রান্সফরমার বসানো হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে দিনক্ষণ কিছু বলতে পারব না। ঢাকা থেকে বরাদ্দ পেলে বসানো হবে।’