ঠেলাচালকের স্ত্রী ও কন্যার ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে এক ঠেলাচালকের স্ত্রী ও কন্যাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশীরা। গতকাল শুক্রবার দুপুরে শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সোহেল আহমদের বিবরণ অনুযায়ী, নিজ বাড়ির সীমানায় ময়লা ফেলার প্রতিবাদ করলে পাশের বাড়ির আরজু মিয়া (২৪) দা দিয়ে কুপিয়ে ঠেলাচালক আবদুল্লাহ মিয়ার স্ত্রী তরিকা বিবিকে (৬০) জখম করেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলায় যোগ দেন আরজু মিয়ার সঙ্গী নছির মিয়া (৪৫)। মাকে রক্ষা করতে গেলে তরিকা বিবির মেয়ে হুসনা বেগমকে (২০) লাঠিপেটা করা হয়। তরিকা বিবিকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সন্ত্রাসীরা তরিকা বিবির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহমদ হোসেন জানান, তাঁর আঘাত গুরুতর।

আকবর আলী বলেন, ‘আমাদের বাড়ির জমির একটি অংশকে রাস্তা দাবি করা নিয়ে আরজু মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা হয়। মামলা দায়েরের জের ধরে আমার মা ও বোনের ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।’ একটি প্রভাবশালী মহলের ইন্ধনে এই ঘটনা ঘটেছে বলে আকবর দাবি করেন।

ঘটনার পর থেকে আরজু মিয়া পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।