ঠেলাঠেলিতে ফিরছে না সড়কটির হাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড মোড় থেকে আলীনগর উচ্চবিদ্যালয়ের সামনে পর্যন্ত সংযোগ সড়কটির বিভিন্ন স্থান এ রকমই খানাখন্দে ভরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড মোড় থেকে আলীনগর উচ্চবিদ্যালয়ের সামনে পর্যন্ত সংযোগ সড়কটির বিভিন্ন স্থান এ রকমই খানাখন্দে ভরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড মোড় থেকে আলীনগর উচ্চবিদ্যালয়ের সামনে পর্যন্ত প্রায় ২০০ মিটার সংযোগ সড়কটি বড় বড় খানাখন্দে চলার অযোগ্য হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ), পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কেউই সড়কটির দায়িত্ব না নেওয়ায় দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে রয়েছে রাস্তাটি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কে এম লুৎফর রহমান অভিযোগ করেন, জেলার গোমস্তাপুর ও নাচোল উপজেলার সঙ্গে জেলা সদর, নওগাঁ জেলা সদরসহ এ জেলার কয়েকটি উপজেলায় যাতায়াতের পথ হিসেবে সড়কটি ব্যবহৃত হয়। ঢাকা কোচ, আন্তজেলা ও উপজেলা মিনিবাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন এ পথে চলাচল করে।
অথচ এ সড়কের মালিকানা নিয়ে সংস্কারের দায়িত্ব নিচ্ছে না কোনো সংস্থা। বছরের পর বছর বেহাল পড়ে আছে সড়কটি। দুর্ভোগ পোহাতে হচ্ছে যানচালক ও পথচারীদের। সড়ক পরিবহন মালিক গ্রুপের দাবির পরিপ্রেক্ষিতে মাঝেমধ্যে ভাঙা ইট-সুরকি ফেলে
সওজ সড়কের গর্তগুলো দায়সারা গোছের সংস্কার করলেও কিছুদিনের মধ্যেই অবস্থা আবার তথৈবচ হয়ে যায়।
সড়কের পাশে অবস্থিত একটি ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম বলেন, সড়কের জমিটির মালিক রেলওয়ে বিভাগ। বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রায় এক দশক আগে বিএনপির তৎকালীন সদর আসনের সাংসদ হারুনুর রশীদের পৃষ্ঠপোষকতায় এলজিইডির উদ্যোগে বাইপাস সড়ক হিসেবে এটি নির্মিত হয়। নিম্নমানের নির্মাণকাজের কারণে বছর না পেরোতেই সড়কটি বেহাল হয়ে পড়ে। পাঁচ-ছয় বছর আগে সওজ বিভাগ সড়কটি পুনর্নির্মাণ করে। এরপর আর কেউ এর প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়নি।

সওজ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা এ প্রসঙ্গে বলেন, ২০১৫ সালে প্রকাশিত গেজেটে সড়কটির মালিকানা সওজের নেই। ফলে সড়কটির প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের দায়দায়িত্ব নেওয়া যাচ্ছে না। বাস-ট্রাক মালিক সংগঠনের নেতাদের দাবি বা অনুরোধের পরিপ্রেক্ষিতে ইট-সুরকি ফেলে মাঝেমধ্যে গর্ত ভরাট করা হয় কেবল। কিন্তু এগুলো বেশি দিন টেকসই হয় না।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘সড়কটি পৌরসভার নয়। তাই এর দায়দায়িত্ব আমাদের ওপর বর্তায় না। তবে খুব খারাপ অবস্থা হলে পৌর নাগরিকের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আমরাও সওজ বিভাগকে সংস্কারের অনুরোধ জানাই।’

আর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, সড়কটি কখন এলজিইডির উদ্যোগে নির্মিত হয়েছিল, তা তিনি জানেন না। তবে পৌরসভার মধ্যে কোনো সড়ক নির্মাণ ও সংস্কারের দায়দায়িত্ব সাধারণত এলজিইডি নেয় না।