ঠেলাঠেলিতে বছর পার
কোন সংস্থা সেতুটি নির্মাণ করবে, তা নিয়ে টানাহেঁচরা চলছে এক বছর যাবৎ। দেবে যাওয়া সেতুটি নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চিঠি চালাচালি করেও কোনো সদুত্তর পায়নি নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। এখন ঝুঁকিপূর্ণ সেতুটিতে যান চলাচল বন্ধ থাকায় সংলগ্ন এলাকার ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এটি শহরের পঞ্চনালার ওপরকার সেতু।
সৈয়দপুর পৌরসভা সূত্র জানায়, সৈয়দপুর শহরের দক্ষিণাংশে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে সেতুটির অবস্থান। পঞ্চনালার ওপর ষাটের দশকে সেতুটি নির্মাণ করে তৎকালীন ওয়াপদা। বর্তমানে আর সংস্থাটির অস্তিত্ব নেই।
সূত্রটি আরও জানায়, সেতুটি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন হওয়ায় শুধু সৈয়দপুরের নয়, পার্শ্ববর্তী রংপুরের তারাগঞ্জ, বদরগঞ্জ ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকেও শিক্ষার্থীরা কার, মাইক্রোবাসে চড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আসা-যাওয়া করত। এ ছাড়া পার্শ্ববর্তী ওই সব এলাকার লোকজন কম সময়ে ও খরচে সৈয়দপুর শহরে ঢুকতে এ সেতুটিই ব্যবহার করত। কিন্তু গত বছরের জুন মাসে হঠাৎ সেতুটি দেবে যায়। এখন শিক্ষার্থীসহ অন্যদের পাঁচ কিলোমিটার ঘুরে ভিন্ন পথে বিদ্যালয় ও শহরে যাতায়াত করতে হচ্ছে।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাধ্যক্ষ আবদুস সাত্তার বলেন, ‘স্বনামধন্য এই বিদ্যালয়ে দূর-দূরান্ত থেকেও শিক্ষার্থী আসে। এসব বাচ্চারা ছাড়াও বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়েই আমরা উদ্বেগে থাকি। সেতুটির ওপর দিয়ে তো যানবাহন আর চলাচল করতে পারেই না। বিদ্যালয় ছুটি হলে শিক্ষার্থীরা যখন দল বেঁধে ছুট দেয় সেতুর ওপর দিয়ে, তখনো প্রচণ্ড ঝুঁকি তৈরি হয়। বিদ্যালয় ও সৈয়দপুর সেনানিবাসের পক্ষ থেকেও সেতুটি মেরামতে সৈয়দপুর পৌরসভাকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কাজ হয়নি।’
সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, সেতুটি রাস্তার লেভেল থেকে দেবে গেছে। এর নির্মাণ কাঠামোতে ফাটল দেখা দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নোটিশ দিয়ে ওই পথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আশপাশের ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। তিনি বলেন, ‘সেতুটি পুনর্নির্মাণে এলজিইডির সৈয়দপুর উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর কাছে গত বছরের ৫ জুন চিঠি দেওয়া হয়। তবে এর কোনো লিখিত উত্তর মেলেনি। মৌখিকভাবে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছে, সেতুটি পৌরসভা এলাকায়। কাজেই এটি নির্মাণ বা সংস্কার তাদের কাজ নয়।’
উপজেলা প্রকৌশলী জাকিউর রহমান বলেন, ‘পৌরসভার চিঠি পেয়েছি। আমরা সেতুটি নির্মাণে অপারগতা প্রকাশ করেছি। কারণ, তা আমাদের এখতিয়ারভুক্ত নয়।’
পৌরসভায় নির্বাহী প্রকৌশলী শহীদুল বলেন, ‘পরে বিষয়টি আমরা পাউবোকে অবহিত করি। যেহেতু পঞ্চনালার তত্ত্বাবধায়ক পাউবো, সেহেতু বিষয়টি এড়িয়ে যেতে পারেনি সংস্থাটি। চলতি বছরের ২৩ এপ্রিল রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পাউবোর সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলীর বরাবর পাঠানো হয় ওই চিঠি। পাউবো মৌখিক আশ্বাস দিয়েছে।’
পাউবো সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুস শহীদ বলেন, ‘নতুন বাজেটে ওই প্রকল্পের জন্য অর্থ চাওয়া হবে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা।’
সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, সেতুটি নির্মাণে কমপক্ষে দেড় কোটি টাকা প্রয়োজন। পৌরসভার ওই টাকা নেই। পৌরসভা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মাত্র ৪০ লাখ টাকা পায়। তারপরও সেতুটি নির্মাণে পৌরসভার পক্ষ থেকে চেষ্টা রয়েছে বলে জানান মেয়র।