ঠোঁট ও তালুকাটা শিশুদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করবেন শাকেরা
বাংলাদেশে ঠোঁট ও তালুকাটা নিয়ে জন্মানো শিশুদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য অর্থ সংগ্রহ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত শাকেরা রহমান। গতকাল শুক্রবার বিকেলে নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।
মতবিনিময়ে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন’-এর বাংলাদেশ ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
শাকেরার পৈতৃক বাড়ি সিলেট শহরের মীরবক্সটুলা এলাকায়। ১৯৬১ সালে তাঁর বাবা যুক্তরাজ্যপ্রবাসী হন। সেখানেই তাঁর জন্ম ও পড়াশোনা। বর্তমানে তিনি ট্রান্সপোর্ট ফর লন্ডন নামের প্রতিষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
শাকেরা রহমান বলেন, ‘গত বছর আমার এক বান্ধবীর সন্তান তালুকাটা নিয়ে জন্ম নেয়। এটি দেখে বাংলাদেশের দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের কথা আমার মনে পড়ে। এরপরই মূলত ঠোঁট ও তালুকাটা নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের বিষয়টি মাথায় ঢোকে।’ তিনি জানান, অর্থ সংগ্রহের জন্য আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য ‘লন্ডন ম্যারাথন’-এ তিনি অংশ নেবেন। সেখান থেকে পাওয়া পুরো টাকা ‘স্মাইল ট্রেন’-এর মাধ্যমে বাংলাদেশে ঠোঁট ও তালুকাটা শিশুদের চিকিৎসা ব্যয়ের জন্য পাঠাবেন।