ঠোঁটে হাসি, মনে জ্বালা
কিশোরগঞ্জের কটিয়াদীতে মেয়র পদে দলীয় সমর্থনের ব্যাপারে নেতাদের মধ্যে নয়ছয়ভাব স্পষ্ট। তবু আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশীরা এখনো সেসব নেতার সঙ্গে ঠোঁটে হাসি ধরে রেখে যোগাযোগ রক্ষা করে চলেছেন। চেষ্টা করছেন সমর্থন আদায়ের।
দলটির কয়েকজন নেতা জানান, গত নির্বাচনে বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন খানের কাছে আওয়ামী লীগের শওকত উসমান অল্প ভোটে হেরে যান। সেখানে বিজয়ী প্রার্থীর যতটা না যোগ্যতা ছিল, তার চেয়ে বেশি সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ। এবারও নেতাদের ভাবসাব ভালো মনে হচ্ছে না। প্রার্থী বাছাইয়ে কেন্দ্রঘোষিত সময় আজ সোমবার শেষ হয়ে যাবে। কিন্তু গতকাল রোববার পর্যন্ত একসঙ্গে বসতে পারেননি নেতারা। এ ক্ষেত্রে উপজেলা ও শহর আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয় নেই। আবার কঠিন বাস্তবতার কারণে সবকিছু বুঝেও মনের জ্বালাটা স্পষ্ট করতে পারছেন না সম্ভাব্য প্রার্থীরা।
আওয়ামী লীগ সভাপতি গোলাপ মিয়া অসুস্থতার কারণে দীর্ঘদিন দলে খুব বেশি সক্রিয় নন। দল নিয়ন্ত্রিত হচ্ছে মূলত সাধারণ সম্পাদক আবদুল ওহাবকে ঘিরে। জানতে চাইলে আবদুল ওহাব বলেন, ‘দল থেকে সমর্থন চেয়েছেন সাতজন। কাকে রেখে কাকে দেব। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি, যাঁরা সমর্থন চেয়েছেন, প্রত্যেকের নাম লিখে কেন্দ্রে পাঠিয়ে দেব।’
আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন দলটির সদস্য শওকত উসমান, সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রবিউল আওয়াল, উপজেলা যুব লীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্য আলী আক্কাছ, ছাত্রলীগ নেতা তানভীরুল হক, ইসমাইল হোসেন ও আশরাফ ফরাজী। জাতীয় পার্টি থেকে আলাউদ্দিন আহমেদ একক প্রার্থী। শওকত উসমান বলেন, সমর্থনের বিষয়ে সমাধান হয়ে গেলে ভালো হতো। জোরেশোরে কাজ শুরু করা যেত। এখনো না হওয়ায় কিছুটা হতাশা আছে।
অন্য মনোনয়নপ্রত্যাশীরাও আস্থাহীনতার কথা জানিয়েছেন।
এদিকে বিএনপিও এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। আগামী ২ ডিসেম্বর দলটির প্রার্থী বাছাই করা হবে বলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান জানিয়েছেন। মাঠে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম ফারুক চাষী, সাবেক সাধারণ সম্পাদক ছানাউল্লাহ, যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান।