ঠোঁট-তালুকাটা রোগের জন্য গর্ভবতী মায়ের অপুষ্টি ও বংশগত ত্রুটি দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চন্দ্রগ্রহণের সময় আলু কাটছিলাম, তাই আল্লায় বাচ্চারে ঠোঁটকাটা কইরা পৃথিবীতে পাডাইছে। তয় এখন ছেলের মুখডা অনেক সোন্দর দেখাইতেছে।’ কথাগুলো বলে ঠোঁটে ব্যান্ডেজ বাঁধা ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে হাসলেন দক্ষিণখানের মাজেদা বেগম। তাঁর ছেলের বয়স মাত্র এক বছর ছয় মাস। জন্ম থেকেই ঠোঁটকাটা ছিল শিশুটির।গতকাল শনিবার মাজেদা বেগমের সঙ্গে কথা হয় নগরের শঙ্কর প্লাজায় কসমেটিক সার্জারি সেন্টারে। বেসরকারি এ প্রতিষ্ঠানটি বিনা মূল্যে প্রথমবারের মতো দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা রোগীদের অস্ত্রোপচারের উদ্যোগ নিয়েছে। গতকাল এখানে এ ধরনের শিশুসহ ১০ জনের অস্ত্রোপচার করা হয়। রোগী ও অভিভাবকদের থাকা, খাওয়া, ওষুধসহ সার্বিক খরচ বহন করে প্রতিষ্ঠানটি। সেন্টারের প্লাস্টিক সার্জন অধ্যাপক সাঈদ আহমেদ সিদ্দিকী বলেন, ‘দেশে প্রতিবছর ছয় থেকে আট হাজার ঠোঁট ও তালুকাটা রোগী যোগ হয়। জন্মগত ত্রুটি সম্পর্কে অভিভাবকদের মধ্যে অনেক কুসংস্কার থাকে। আসলে গর্ভকালীন মায়ের অপুষ্টি ও বংশগত কারণেই সাধারণত বাচ্চারা এ ধরনের ত্রুটি নিয়ে জন্মায়।’ তিনি বলেন, ‘অনেকে জানেনও না যে, এগুলো অস্ত্রোপচার করে সারিয়ে তোলা যায়। তিন থেকে ছয় মাসের মধ্যে ঠোঁট ও এক থেকে দেড় বছরের মধ্যে তালুকাটা রোগীর অস্ত্রোপচারের সবচেয়ে ভালো সময়।’এক বছর বয়সী স্বর্ণা নামের এক শিশুর মা নাম না প্রকাশ করার শর্তে জানান, এ ধরনের সন্তান জন্ম দেওয়ায় তাঁকেই দোষ দিত সবাই। মেয়ের বিয়ে দিতে অনেক টাকা লাগবে বলে ভয় দেখাত। কিন্তু মেয়ের চিকির‌্যাসার সামর্থ্য ছিল না তাঁদের। কারণ বেসরকারি হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা লাগে। তা ছাড়া বেশির ভাগ সরকারি হাসপাতালে প্লাস্টিক সার্জনের পদই নেই। তাই এ ধরনের অস্ত্রোপচার হয় না।গতকালের অস্ত্রোপচার-কার্যক্রমে সহায়তা করেছে ব্র্যাক, বিজ্ঞাপনী সংস্থা আইডিয়া ইনফিনিটি ও মাসিক ম্যাগাজিন স্প্ল্যাশ।