ড. ইউনূস আইন ভেঙে কোনো কাজ করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনূস সেন্টার
ইউনূস সেন্টার

কর ফাঁকির অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে—আজ মন্ত্রিসভার এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে ইউনূস সেন্টার। আজ সোমবার ইউনূস সেন্টারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ড. ইউনূস আইন ভেঙে কোনো কাজ করেননি। আজ সোমবার রাতে ইউনূস সেন্টার থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আয়কর ফাঁকি দিয়েছেন এমন কথা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলেনি। এনবিআর বলেছে, তিনি আয়কর অব্যাহতি চেয়েছেন এবং আইন অনুসারে সেই আয়কর অব্যাহতি দিয়েছে এনবিআর। এখানে আইনের কোনো বরখেলাপ হয়নি। এতে আরও বলা হয়েছে, অধ্যাপক ইউনূস সব সময় তাঁর বৈদেশিক আয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিয়ম অনুযায়ী এনেছেন এবং প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সব আয় প্রদর্শন করেন। যে কর ধার্য হয়েছে তা পরিশোধ করেছেন তিনি। কাজেই যাঁরা কর ধার্য করেন, তাঁদেরই দায়িত্ব হলো কোনটি আয়করমুক্ত এবং কোনটির কর দিতে হবে তা ঠিক করা। কর কর্তৃপক্ষ কোনো দিন এ ব্যাপারে কখনই কোনো প্রশ্ন করেনি। কখনোই কোনো নোটিশ কিংবা চিঠি এনবিআর তাঁকে দেয়নি।

সরকারি কর্মকর্তা হিসেবে পূর্বানুমতির বিষয়ে ইউনূস সেন্টার বলেছে, এনবিআরের প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে যে, সুপ্রিম কোর্টের রায় অনুসারে অধ্যাপক ইউনূস একজন ‘পাবলিক সারভেন্ট’। পাবলিক সারভেন্ট হিসেবে তাঁকে বিদেশে থেকে কোনো আয় গ্রহণ করতে হলে, পুরস্কার গ্রহণ করতে হলে, বিদেশে ভ্রমণ করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। অথচ কোনো সময় তিনি সেটা করেননি। এতে তিনি আইন ভঙ্গ করেছেন।
এই বিষয়ে ইউনূস সেন্টার থেকে পাঠানো প্রতিক্রিয়ায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, অধ্যাপক ইউনূস একজন পাবলিক সারভেন্ট। রায়ে বলা হয়েছে, ২০০০ সাল থেকে পরবর্তী ১১ বছর তিনি আইন-বহির্ভূতভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বহাল ছিলেন। এ সময় এমডি পদে বহাল থাকার তাঁর কোনো এখতিয়ার ছিল না। এই ১১ বছরে তিনি গ্রামীণ ব্যাংক থেকে যে বেতন-ভাতা ও সুবিধাদি পেয়েছেন, এনবিআর বলছে তা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাত্ ২০০০ সালের পর থেকে তিনি সুপ্রিম কোর্টের রায় অনুসারে আর পাবলিক সারভেন্ট ছিলেন না।
ইউনূস সেন্টার বলেছে, যদি পাবলিক সারভেন্ট না থাকেন তবে ২০০০ সালের পরে অধ্যাপক ইউনূসের বিদেশি আয় গ্রহণ ইত্যাদি ব্যাপারে আর সরকারের অনুমোদন নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একজন নাগরিকের জন্য যে আইন প্রযোজ্য সে আইনই তাঁর ওপর প্রযোজ্য হবে। অর্থাত্ এনবিআর যে অভিযোগ করছে সে অভিযোগের কোনো ভিত্তি আর থাকে না।
প্রতিক্রিয়ায় আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক একটি বিশেষ আইন-সৃষ্ট প্রতিষ্ঠান। এই আইনে ব্যাংকের পরিচালনা পর্ষদই ব্যাংকের সর্বময় ক্ষমতার অধিকারী। ড. মুহাম্মদ ইউনূস যা কিছু করেছেন, এই সর্বময় ক্ষমতার অধিকারী পরিচালনা পর্ষদের অনুমোদন ও সম্মতি অনুসারে করেছেন। তিনি আইন ভঙ্গ করে কোনো কাজ করেননি।